প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৬:১০
ফুটবলের সৌন্দর্য যেখানে, সেখানে আর্জেন্টিনা
.......কবির হোসেন মিজি

সংবাদকর্মী, গীতিকার ও লেখক হিসেবে চাঁদপুরে বহুল পরিচিত কবির হোসেন মিজি। তিনিও বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর উন্মাদনায় পিছিয়ে নেই। তিনি চাঁদপুর কণ্ঠের কাছে তাঁর অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন,
আমার প্রিয় দল আর্জেন্টিনা। ছোটবেলা থেকেই আমি ফুটবল খেলার ভীষণ ভক্ত। ফুটবলকে ভালোবাসার পাশাপাশি কিছু দল ও খেলোয়াড় আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে প্রিয় দল আর্জেন্টিনা।
আর্জেন্টিনাকে ভালোবাসার শুরু কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাকে দেখে। তাঁর অসাধারণ ফুটবল নৈপুণ্য, নেতৃত্ব এবং দেশের জন্যে লড়াই করার মানসিকতা আমাকে মুগ্ধ করেছিলো। এরপর সময়ের সঙ্গে সঙ্গে লিওনেল মেসির জাদুকরি ফুটবল আমার ভালোবাসাকে আরও প্রগাঢ় করেছে।কবির হোসেন মিজি বলেন,
আর্জেন্টিনাকে পছন্দ করার অন্যতম কারণ হলো তাদের খেলায় থাকা শৈল্পিকতা ও মাধুর্য। আর্জেন্টিনার ফুটবল খেলা যেনো এক ধরনের শিল্প। ছোট ছোট পাস, চমৎকার বল নিয়ন্ত্রণ, একে অপরের সঙ্গে বোঝাপড়া এবং আক্রমণ গঠনের ধরণ আমাকে সবসময় মুগ্ধ করে। তাদের খেলার মধ্যে সৌন্দর্য, সৃজনশীলতা ও ভদ্রতা রয়েছে, যা অন্য অনেক দলের তুলনায় আলাদা মনে হয়।
মেসির পাশাপাশি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকেও আমি খুব পছন্দ করি। গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর আত্মবিশ্বাস, সাহসিকতা এবং অসাধারণ সেভ দলকে বারবার বিপদ থেকে রক্ষা করেছে।
তবে আমি শুধু আর্জেন্টিনার খেলোয়াড়দেরই পছন্দ করি না। বিশ্বের বিভিন্ন দলের অনেক তারকা ফুটবলারের খেলাও আমার ভালো লাগে। তাঁদের মধ্যে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, রোনালদিনহো এবং কিলিয়ান এমবাপ্পে। তাঁদের প্রতিভা, দক্ষতা এবং ফুটবলের প্রতি নিবেদন সবসময় আমাকে মুগ্ধ করে।
এবারের বিশ্বকাপ ২০২৬ নিয়েও আমার অনেক আশা ও স্বপ্ন রয়েছে। আমি চাই আর্জেন্টিনা তাদের ঐতিহ্য, শৈল্পিক ফুটবল এবং দলগত শক্তি দিয়ে আবারও বিশ্বমঞ্চে নিজেদের সেরা প্রমাণ করবে। প্রতিটি ম্যাচে তারা যেনো আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারে এবং সমর্থকদের গর্বিত করতে পারে। ফুটবলে জয়-পরাজয় থাকবেই, কিন্তু একজন সমর্থক হিসেবে আমি সবসময় আর্জেন্টিনার পাশেই থাকবো। কারণ, ভালোবাসা শুধু ট্রফির জন্যে নয়, ভালোবাসা একটি দলের খেলার ধরণ, ইতিহাস, সংস্কৃতি এবং আবেগের জন্যে। সেই ভালোবাসা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। তাই এবারের বিশ্বকাপেও আমার হৃদয়ের দল একটাই, সেট হলো আর্জেন্টিনা। আমি বিশ্বাস করি, তারা তাদের সেরাটা দিয়ে খেলবে এবং কোটি কোটি সমর্থকের স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে।







