রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৭

বিসিবির সঙ্গে কাজ করছে এমএমসি

বাংলায় জানা যাবে লর্ডসের ক্রিকেট আইন

লন্ডন প্রতিনিধি
বাংলায় জানা যাবে লর্ডসের ক্রিকেট আইন

ক্রিকেটের আইন প্রণয়ন ও সংরক্ষণের দায়িত্বে থাকা ঐতিহ্যবাহী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বাংলাসহ মোট পাঁচটি উপমহাদেশীয় ভাষায় ক্রিকেটের আইন সহজলভ্য করেছে। এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যৌথভাবে কাজ চলছে বলে জানিয়েছেন এমসিসির ক্রিকেট ও অপারেশনস বিভাগের পরিচালক রব লিঞ্চ।

বুধবার লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘দ্য লজ অব ক্রিকেট, নাউ ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ’ শীর্ষক এই আলোচনায় ক্রিকেটের আইন সর্বজনীন করা, প্রযুক্তির ব্যবহার এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেটের বিস্তার নিয়ে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর সাংবাদিক আজিজুল আম্বিয়া। তিনি বাংলা ভাষায় ক্রিকেটের আইন মাঠপর্যায়ে কার্যকর করার উপায় এবং বাংলাদেশ ও ভারতের ক্রিকেট একাডেমি, স্থানীয় সংস্থা ও ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

জবাবে রব লিঞ্চ জানান, ভারতের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সহায়তায় ক্রিকেটের আইন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে। একই সঙ্গে বিসিবির সঙ্গে সমন্বয় করে বাংলাদেশেও এই উদ্যোগ বিস্তৃত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সহযোগিতার নির্দিষ্ট সময়সীমা বা বিস্তারিত কর্মসূচি এখনো প্রকাশ করা হয়নি।

বাংলাভাষী ক্রিকেটার, কোচ, আম্পায়ার ও ক্রীড়ামোদিদের কাছে ক্রিকেটের আইন সহজে পৌঁছে দিতে এই পদক্ষেপ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের নিয়ম সচেতন করা এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেটের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে মাতৃভাষায় আইন জানা সহজ হবে।

অনুষ্ঠানে ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, উর্দু, মারাঠি ও কন্নড় ভাষায় ক্রিকেটের আইন জানার সুযোগ তৈরি করা হয়েছে। একটি বিশেষ অ্যাপের মাধ্যমে সরাসরি আইন অনুসন্ধান, কুইজে অংশ নেওয়া ও হালনাগাদ তথ্য জানার সুবিধা থাকছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সার্বিক সহযোগিতায় এবং যুক্তরাজ্যভিত্তিক ক্রীড়া প্রযুক্তি প্রতিষ্ঠান ‘রিবল’-এর কারিগরি সহায়তায় উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে।

ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পক্ষে সাংবাদিক নবনীতা সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এমসিসির আইনবিষয়ক ব্যবস্থাপক ফ্রেজার স্টুয়ার্ট এবং রিবলের প্রধান নির্বাহী শ্রীকান্ত টাঙ্গুতুরি।

সংবাদ সম্মেলনে পিটিআইয়ের অদিতি খান্না ও সাংবাদিক এ রহমান অলিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা প্রশ্নত্তর পর্বে অংশ নেন। এছাড়া চ্যানেল এসের মুস্তাক বাপল, রেজাউল করিম মৃধা ও ইমদাদুন খানসহ যুক্তরাজ্যে কর্মরত অন্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়