প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩
ইউনিয়ন পরিষদ নির্বাচন : ফরিদগঞ্জের সম্ভাব্য প্রার্থী-৯
পাইকপাড়া দক্ষিণের সম্ভাব্য প্রার্থীরা অনেক আগে থেকেই মাঠে সক্রিয়

ফরিদগঞ্জ উপজেলার মধ্যে একমাত্র ইউনিয়ন পাইকপাড়া দক্ষিণ, যেখানে অনেক আগে থেকেই সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী মাঠে সক্রিয়। উপজেলার মধ্যবর্তী স্থান হলো ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন। এ ইউনিয়নের আয়তন ১২.৬১ বর্গকিলোমিটার। ইউনিয়নের উত্তরে পাইকপাড়া উত্তর, পূর্বে পাইকপাড়া উত্তর ও গুপ্টি পশ্চিম ইউনিয়ন, দক্ষিণে রূপসা উত্তর, পশ্চিমে গোবিন্দপুর উত্তর ইউনিয়ন এবং পশ্চিম-দক্ষিণে ফরিদগঞ্জ পৌরসভা।
|আরো খবর
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে ৩টি বাজার রয়েছে। বাজারগুলো হলো— গাজীপুর বাজার, কড়ৈতলী বাজার ও আনন্দ বাজার। কড়ৈতলী জমিদার বাড়ি এই ইউনিয়নের ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় স্থান। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রেজাউল করিম এই ইউনিয়নের কৃতী সন্তান। মাদক, রাস্তাঘাট, দারিদ্র্য এই ইউনিয়নের অন্যতম প্রধান সমস্যা। এছাড়া এখানে প্রায়ই চুরি সংঘটিত হয়। ইউনিয়নে বিশুদ্ধ পানির অভাব রয়েছে। ইউনিয়নের একাধিক গুরুত্বপূর্ণ সেতু ও কালভার্ট ভাঙা। উপজেলা এলজিইডির অসহযোগিতার কারণে ইউনিয়নের রাস্তাঘাটের সঠিক তথ্য উপস্থাপন করা সম্ভব হয়নি।
ফরিদগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই ইউনিয়নের মোট ভোটার ২৪ হাজার ৪০৯ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৭৩০ জন। ভোটকেন্দ্র ৯টি, মোট ভোটকক্ষ ৪৬টি।
এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ পরিবারের শেখ হোসেন আহমেদ রাজন। তার আগে চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ পরিবারেরই মো. শওকত আলী, যিনি বর্তমানে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। পরিবেশ অনুকূলে থাকলে বর্তমান চেয়ারম্যানও নির্বাচন করবেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে। তবে এলাকায় বহু আগে থেকেই বিএনপির সম্ভাব্য প্রার্থীরা মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছেন। বিশেষ করে সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির কাজী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমেদ মিয়াজী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মোক্তার আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি কাজী ইকবাল হোসেন পিন্টু, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. সেলিম খান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম পারভেজ ও সাবেক ইউপি সদস্য মো. সাঈদ খান নির্বাচনী মাঠে বেশ সক্রিয়। জামায়াত সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মাওলানা মো. নুরুল ইসলাম।
ডিসিকে /এমজেডএইচ








