প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬
ব্যাংকক আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠ চিত্রশিল্পী হলেন চাঁদপুরের নাফিসা ইসলাম
১২ শিক্ষার্থীর পুরস্কার অর্জন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বাংলাদেশি শিশু-কিশোরদের আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে দারুণ সাফল্য অর্জন করেছে চাঁদপুর চারুকলা একাডেমি। প্রদর্শনীতে শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছে একাডেমির মেধাবী শিক্ষার্থী নাফিসা ইসলাম। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিষ্ঠানটির ১২ জন শিক্ষার্থীই সনদ ও পুরস্কার অর্জন করেছে।
গত ১২ অক্টোবর ২০২৬ ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
আয়োজনের নেপথ্য : শিল্প ও সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘নর্থ ক্যানভাস বাংলাদেশ’ দেশের বিভিন্ন প্রান্তের চারুকলা শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীর আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের লাত ক্রাবাং এলাকায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ‘আর্ট এক্সপো ২০২৬’। এই প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিশু-কিশোর ও তরুণ শিল্পীদের আঁকা চিত্রকর্ম স্থান পায়।
এ আন্তর্জাতিক আয়োজনে চাঁদপুর চারুকলা একাডেমির ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা হলো—নাফিসা ইসলাম, সাদিয়া ইসলাম, মুনতাহা ইসলাম, পৃথিরাজ পাল, অবনিশ জাগরী, মোমেনা ফাইরোজ নুহা, নূরুল ইসলাম ইভান, নূর নাহার আক্তার নুহা, প্রতীক পাল, তিথি দে, অথৈ রক্ষিত ও অরিন চন্দ্র দে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান : ব্যাংকের প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের সম্মাননা জানাতে ১২ অক্টোবর ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ‘আর্ট এক্সপো ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নর্থ ক্যানভাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক শিল্পী আহসান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাওসার হাসান টগর, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী প্রযোজক ও সংবাদ উপস্থাপক শাইখ সিরাজ এবং সাবেক অধ্যক্ষ ও শিল্পী ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহারিয়া সিদ্দিকী সুচনা এবং এতে মনোজ্ঞ সংগীত পরিবেশন করে স্ট্রিট ফোক ব্যান্ড।
চাঁদপুরের শিল্পাঙ্গনে আনন্দের জোয়ার : চাঁদপুর চারুকলা একাডেমির অধ্যক্ষ ও চিত্রশিল্পী অজিত দত্তের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেয়। একাডেমির ১২ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল এই অর্জন এবং নাফিসার শ্রেষ্ঠ চিত্রশিল্পী হওয়ার খবরে চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে বইছে আনন্দের জোয়ার।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি শিক্ষার্থীদের সৃজনশীল চর্চায় নতুন অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি বিশ্বমঞ্চে চাঁদপুরের তরুণ প্রজন্মের শিল্পপ্রতিভাকে উজ্জ্বলভাবে তুলে ধরেছে।







