প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮
বাবুরহাটে মতলব রোডে শব্দদূষণবিরোধী অভিযান
৫ হাইড্রোলিক হর্ন জব্দ, ৯ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি বাস থেকে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। এ সময় তিনটি বাসের বিরুদ্ধে মোট ৯ হাজার টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
|আরো খবর
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) মতলব রোডে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল। এ সময় পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়াসহ অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
অভিযানকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬ (২) বিধি লঙ্ঘনের দায়ে দুটি মতলব এক্সপ্রেস ও একটি জৈনপুর এক্সপ্রেস বাস থেকে মোট পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্ট বাসগুলোর বিরুদ্ধে যথাক্রমে ৫ হাজার, ২ হাজার ও ২ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। মোট ৯ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর থানা পুলিশের একটি দল সক্রিয় সহযোগিতা করে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডিসিকে /এমজেডএইচ








