রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৫:২০

রং মেশানো শুঁটকি ও পচা মাংস বিক্রির পাশাপাশি বাবুরহাটে সড়ক দখলের অভিযোগ, ব্যবস্থা চায় সাধারণ মানুষ

রং মেশানো শুঁটকি ও পচা মাংস বিক্রির পাশাপাশি বাবুরহাটে সড়ক দখলের অভিযোগ, ব্যবস্থা চায় সাধারণ মানুষ
আব্দুল্লাহ আল মামুন

চাঁদপুরের প্রসিদ্ধ বাবুরহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রং মিশিয়ে শুঁটকি মাছ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে শুঁটকি সংরক্ষণ এবং পচা মাংস বিক্রির জন্য সংরক্ষণের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ নভেম্বর ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে শুঁটকি মাছে রং মিশিয়ে বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে উত্তম কুমার সরকারকে ১০ হাজার টাকা, শুঁটকি মাছে রং মিশিয়ে বিক্রির দায়ে আমিন পাটোয়ারীকে ৫ হাজার টাকা এবং বাসি-পচা মাংস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে একতা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে।

সরেজমিনে অভিযানে দেখা যায়, উত্তম কুমার সরকারের শুঁটকি মাছের দোকানে মাছের রং পরিবর্তন করে আকর্ষণীয় করতে ক্ষতিকর রং মেশানো হচ্ছে। বিক্রেতার গোডাউনে শুঁটকি মাছের সঙ্গে অসংখ্য তেলাপোকা বিচরণ করতে দেখা যায়। অপরিচ্ছন্ন পরিবেশে শুঁটকি সংরক্ষণের পাশাপাশি মাছের গায়ে সরিষার তেল ব্যবহার করে চকচকে করে রাখার বিষয়টিও নজরে আসে। এসব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, পচা ও নষ্ট মাংস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের বিষয়টিও অভিযানে উঠে আসে। এ অপরাধে একতা ট্রেডার্সকে জরিমানা করা হয়। স্থানীয়দের অভিযোগ, একই ধরনের অপরাধে এর আগেও ওই প্রতিষ্ঠানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করেছিলেন। এরপরও এমন অনিয়মের পুনরাবৃত্তি হওয়ায় বাজারের ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

অভিযানকালে নষ্ট ও পচা মাংস এবং রং মেশানো অনিরাপদ শুঁটকি মাছ ধ্বংস করা হয়। অভিযুক্ত ব্যবসায়ীরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

এদিকে, বাবুরহাট বাজারের আরেকটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো। বাজারের বিভিন্ন স্থানে স্থায়ী দোকানের সামনের রাস্তা ও চলাচলের জায়গা দখল করে অস্থায়ী দোকান বসানো হয়েছে। কোথাও কোথাও মূল দোকানিরা নিজেদের দোকানের সামনের সড়কের অংশ অন্যদের কাছে ভাড়া দিয়ে অর্থ আদায় করছেন বলেও অভিযোগ রয়েছে। আবার কেউ কেউ সরাসরি রাস্তার ওপর দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন। ফলে প্রতিদিন বাজারে আসা ক্রেতা, পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

অভিযান চলাকালে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান সড়কের ওপর চলে আসা দোকানগুলো সরিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মৌখিক নির্দেশনা দেন। তবে স্থানীয়দের দাবি, শুধু মৌখিক নির্দেশনা নয়, বাজারের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের নিয়মিত তদারকি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। পাশাপাশি ছাগলের হাট এলাকায় তদারকি এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি না করা এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

বাবুরহাট বাজারের একাধিক ক্রেতা ও স্থানীয় বাসিন্দা এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য বিক্রি বন্ধের পাশাপাশি বাজারের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে শুঁটকি মাছে ক্ষতিকর রং মেশানো, পচা মাংস বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণের বিরুদ্ধে নিয়মিত অভিযান প্রয়োজন।

স্থানীয়দের দাবি, বাবুরহাট বাজারে প্রতি মাসে অন্তত একবার নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হোক। একই সঙ্গে রাস্তার ওপর বসানো অবৈধ দোকান ও দোকানের সামনের জায়গা ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনার প্রবণতা বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়