প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫১
শীতে মাছ বাড়ে কম, চাষিদের বাড়তি যত্নের পরামর্শ
পানির তাপমাত্রা ও অক্সিজেনের ভারসাম্য রক্ষায় সতর্ক থাকার আহ্বান

শীত মৌসুমে তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পুকুরের পানির তাপমাত্রাও কমে যায়। এতে মাছের স্বাভাবিক চলাচল, খাদ্য গ্রহণ ও শারীরবৃত্তীয় কার্যক্রমে পরিবর্তন দেখা দেয়। এ সময় মাছের বৃদ্ধি কমে যাওয়া, রোগবালাই এবং কখনো কখনো মাছের মৃত্যুর ঝুঁকিও তৈরি হতে পারে। তাই শীতকালে মাছের উৎপাদন স্বাভাবিক রাখতে চাষিদের বাড়তি যত্ন ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন মৎস্য সংশ্লিষ্টরা।
মৎস্য চাষিদের জন্য শীতকালীন পরামর্শের মধ্যে প্রথমেই রয়েছে পুকুরের পানির গুণগত মান ঠিক রাখা। নিয়মিত পানির তাপমাত্রা, স্বচ্ছতা ও অক্সিজেনের অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। বিশেষ করে ভোরবেলায় পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। মাছ পানির ওপর ভেসে হাঁসফাঁস করলে দ্রুত পানি প্রবাহ বা এয়ারেটরের মাধ্যমে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে।
শীতকালে মাছের বিপাকক্রিয়া কমে যাওয়ায় খাদ্য গ্রহণের প্রবণতাও হ্রাস পায়। তাই গরমকালের মতো একই পরিমাণ খাবার না দিয়ে মাছের খাদ্য গ্রহণের অবস্থা বুঝে খাবার দিতে হবে। অতিরিক্ত খাবার পুকুরে জমে পচে পানির গুণগত মান নষ্ট করতে পারে, যা মাছের রোগের ঝুঁকি বাড়ায়। মাছ যে পরিমাণ খাবার গ্রহণ করে, সে অনুযায়ী পরিমিত খাবার সরবরাহ করতে হবে।
পুকুরের অতিরিক্ত কচুরিপানা ও আগাছা পরিষ্কার রাখতে হবে। পুকুরের তলদেশে অতিরিক্ত কাদা ও পচা জৈব পদার্থ জমতে দেওয়া যাবে না। প্রয়োজন অনুযায়ী আংশিক পানি পরিবর্তন করা যেতে পারে, তবে হঠাৎ করে অতিরিক্ত পানি পরিবর্তন করা উচিত নয়; এতে মাছের পরিবেশে আকস্মিক পরিবর্তন হতে পারে।
এ সময় মাছের শরীরে ক্ষত, ঘা, লাল দাগ, পাখনা পচা কিংবা অস্বাভাবিক চলাচল দেখা দিলে দ্রুত উপজেলা মৎস্য দপ্তর বা মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া পুকুরে ওষুধ, কীটনাশক বা রাসায়নিক প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে।
চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, শীতকালে মাছ চাষে অবহেলা না করে পানির গুণগত মান ঠিক রাখতে শীতের শুরুতে পুকুরে শতকে ৫০০ গ্রাম চুন ও ৫০০ গ্রাম লবণ প্রয়োগ করলে ক্ষতরোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা গেলে মাছের মৃত্যুহার কমানো ও উৎপাদন ধরে রাখা সম্ভব। এতে চাষিরা আর্থিকভাবে লাভবান হতে পারবেন।







