রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:৪২

১৮ থেকে ৩৬ ফুট হচ্ছে ৩২০ ফুট অংশের প্রস্থ।। যানজট নিরসন ও দুর্ঘটনা রোধের আশা

দেড় কোটি টাকা ব্যয়ে প্রশস্ত হচ্ছে বাবুরহাট-মতলব সড়কের প্রবেশ মুখ

দেড় কোটি টাকা ব্যয়ে প্রশস্ত হচ্ছে বাবুরহাট-মতলব সড়কের প্রবেশ মুখ
আব্দুল্লাহ আল মামুন

চাঁদপুরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ বাবুরহাট-মতলব সড়কের বাবুরহাটের প্রবেশ মুখে ৩২০ ফুট এলাকা প্রশস্তকরণের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় বিদ্যমান ১৮ ফুট প্রশস্ত সড়কটি আরও ১৮ ফুট সম্প্রসারণ করে মোট ৩৬ ফুটে উন্নীত করা হচ্ছে। এর ফলে ওই অংশে যানজট ও দুর্ঘটনা কমার পাশাপাশি এলাকার সৌন্দর্য বাড়বে বলে আশা করা হচ্ছে।

সওজ, চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) থেকে সড়ক প্রশস্তকরণের এ কাজ শুরু হয়েছে। ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহিনুর রহমান বলেন, "বাবুরহাট-মতলব সড়কের গুরুত্বপূর্ণ এই অংশটি বর্তমানে ১৮ ফুট প্রশস্ত। যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে এটি আরও ১৮ ফুট প্রশস্ত করা হচ্ছে। ১৫ দিনের সময়সীমা ধরে কাজ শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করার পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও জানান, প্রশস্তকরণের আওতাভুক্ত এলাকায় কয়েকটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। সেগুলো স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সমন্বয়ের মাধ্যমে কাজটি দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাবুরহাট-মতলব সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। বিশেষ করে বাবুরহাট বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন বিপণীবিতানকে কেন্দ্র করে এ সড়কে সবসময় মানুষের চাপ থাকে। ফলে সরু অংশটিতে প্রায়ই তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতো।

সড়কের ৩২০ ফুট অংশ প্রশস্ত করার উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, কাজটি শেষ হলে যানবাহন ও পথচারীদের চলাচলে স্বস্তি ফিরবে এবং বাবুরহাট এলাকার যানজট অনেকাংশে কমে আসবে। তবে নির্মাণকাজ চলাকালে জনদুর্ভোগ ও নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, সড়কের পাশে গুরুত্বপূর্ণ মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় এখানে সবসময় মানুষের ভিড় থাকে। কাজের জন্য সড়কে খোঁড়াখুঁড়ি ও গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই কাজ চলাকালে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা।

সচেতন মহলের মতে, শুধু সড়ক প্রশস্ত করলেই হবে না; কাজের গুণগত মান নিশ্চিত করা, বৈদ্যুতিক খুঁটি দ্রুত সরানো, পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা এবং সড়কের ওপর অবৈধ পার্কিং ও দখল নিয়ন্ত্রণ করা গেলে এই উন্নয়নের সুফল পুরোপুরি পাওয়া যাবে।

স্থানীয়দের প্রত্যাশা, নির্ধারিত ১৫ দিনের মধ্যেই কাজ শেষ করে সড়কটি যানবাহন চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়