শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৯:৩০

কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬। শনিবার (২১ নভেম্বর ২০২৬) এ উপলক্ষে সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিদের অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

স্বাগত বক্তব্যে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তব্যে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন সময় দেশগঠনমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবদানের কথাও উল্লেখ করেন তিনি।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর থেকে আমন্ত্রিত যাঁরা : সশস্ত্র বাহিনী দিবস-২০২৬-এর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে চাঁদপুর থেকে অনেকে কুমিল্লা সেনানিবাসে যান। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক ড. কাজী হাশেম, সদস্যসচিব ব্যাংকার মুহাম্মদ মুজিবুর রহমান, সদস্য আব্দুল হাই, চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান ও খলিলুর রহমান গাজী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু, চাঁদপুর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. কুহিনূর বেগম, সদর উপজেলা মহিলা দলের সভাপতি নাসরিন বেগম, চাঁদপুর পৌর মহিলা দলের সভাপতি জোহরা আনোয়ার হীরা, সাধারণ সম্পাদক নাহিদা সেতু, চাঁদপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়