প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৪
এ আগুন অযৌক্তিক শত্রুতার!

মানুষের ব্যক্তিগত সম্পদে আগুন দেওয়া শুধু একটি যানবাহনের ক্ষতিসাধন নয়, এটি একজন মানুষের স্বপ্ন, শ্রম, অর্থনৈতিক নিরাপত্তা ও মানসিক প্রশান্তির ওপর নির্মম আঘাত। মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের সামনে এমনই কিছু উদ্বেগজনক প্রশ্নের জন্ম দিয়েছে। এটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত নাশকতা কিংবা কারও ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ—তা উদ্ঘাটন হওয়া জরুরি।
প্রকাশিত সংবাদ অনুযায়ী, রনি হোসেন মোল্লার মালিকানাধীন মাইক্রোবাসটি ব্যবহারের জন্য আল-আমিন সিকদারের কাছে ছিলো। প্রায় ১০ দিন ধরে গাড়িটি একই স্থানে পার্কিং করা ছিলো। ঘটনার কিছুক্ষণ আগেও আল-আমিন গাড়িটি পরীক্ষা করে গেছেন। এরপর হঠাৎ গাড়িতে আগুন লাগার ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তার কান্না ও অসহায়ত্ব কেবল একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার বেদনা নয়, বরং অজানা আশঙ্কা ও অনিশ্চয়তারও প্রতিফলন।
প্রশ্ন হচ্ছে, কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ থাকলে তার সম্পদে আগুন দেওয়ার মতো হীন পথ বেছে নিতে হবে কেন? মতপার্থক্য, বিরোধ কিংবা অযৌক্তিক শত্রুতা কখনোই অন্যের সম্পদ ধ্বংসের বৈধতা দিতে পারে না। যদি এটি পরিকল্পিত অগ্নিসংযোগ হয়ে থাকে, তবে তা নিঃসন্দেহে একটি গুরুতর অপরাধ। আর যদি দুর্ঘটনা হয়ে থাকে, সে বিষয়টিও যথাযথ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। কোনো অনুমান বা ব্যক্তিগত ধারণার ভিত্তিতে কাউকে দায়ী করা সমীচীন নয়।
এ ঘটনায় মতলব উত্তর থানা পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন। আমরা প্রত্যাশা করি, পুলিশ কেবল প্রাথমিক তদন্তেই সীমাবদ্ধ থাকবে না; বরং সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি ও তদন্তকৌশল ব্যবহার করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর পেছনে কারও অপরাধমূলক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করবে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ এবং অন্যান্য প্রযুক্তিনির্ভর তথ্য বিশ্লেষণের মাধ্যমে দায়ী ব্যক্তিকে শনাক্ত করার ব্যাপারে পুলিশের আন্তরিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।
একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকেও বিশেষ নজর রাখা জরুরি। অপরাধী যে-ই হোক, তার পরিচয় বা প্রভাব বিবেচনায় না নিয়ে আইনের আওতায় আনতে হবে। কারণ, অপরাধের বিচার নিশ্চিত না হলে অপরাধীরা উৎসাহিত হয় এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ে।
আমরা চাই, মতলব উত্তর যেন শান্তি, সম্প্রীতি ও নিরাপদ বসবাসের জনপদ হিসেবেই পরিচিত থাকে। কারও ব্যক্তিগত আক্রোশ কিংবা অযৌক্তিক শত্রুতার আগুনে যেন আর কোনো মানুষের স্বপ্ন ও সম্পদ পুড়ে ছাই না হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনার মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হোক ন্যায়বিচার ও জননিরাপত্তার প্রতি মানুষের আস্থা।






