প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩
শীতকালে পশুপাখির যত্নে প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ
ঠাণ্ডাজনিত রোগ থেকে রক্ষায় খামারিদের সতর্ক থাকার আহ্বান

শীতের আগমনে তাপমাত্রা কমে যাওয়ায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিভিন্ন রোগের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। এ সময় পশুপাখির সুস্বাস্থ্য ও উৎপাদন স্বাভাবিক রাখতে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। বিশেষ করে নবজাতক বাছুর, ছাগলের বাচ্চা এবং ছোট মুরগির প্রতি বাড়তি নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ অনুযায়ী, শীতকালে গবাদিপশুকে ঠান্ডা বাতাস ও কুয়াশা থেকে রক্ষা করতে শুকনো, পরিষ্কার ও উষ্ণ ঘরে রাখতে হবে। গোয়ালঘরের মেঝে যেন কোনোভাবেই ভেজা না থাকে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। পাশাপাশি ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে, তবে সরাসরি ঠান্ডা বাতাস যেন পশুর শরীরে না লাগে সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
গরু, মহিষ, ছাগল ও ভেড়াকে নিয়মিত সুষম খাবার ও পর্যাপ্ত বিশুদ্ধ পানি দিতে হবে। শীতের সময় অনেকে পশুকে কম পানি খাওয়ান—যা একেবারেই ঠিক নয়। এ সময়েও পশুর পানির চাহিদা পূরণ করতে হবে। নবজাতক বাছুর জন্মের পরপরই শালদুধ খাওয়ানো এবং শুকনো কাপড় দিয়ে শরীর মুছে উষ্ণ রাখার ব্যবস্থা করতে হবে।
অন্যদিকে, হাঁস-মুরগির খামারে শীত প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া জরুরি। মুরগির ঘরে প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা বজায় রাখতে হবে, ঘরের লিটার (বিছানা) শুকনো ও পরিষ্কার রাখতে হবে এবং অতিরিক্ত ঠান্ডা বাতাস প্রবেশ বন্ধ করতে হবে। হাঁস-মুরগিকে বয়স অনুযায়ী সুষম খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি খামারে পর্যাপ্ত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করতে হবে।
শীতকালে পশুপাখির সর্দি-কাশি, শ্বাসকষ্ট, খাবারে অরুচি, পাতলা পায়খানা কিংবা কোনো অস্বাভাবিক আচরণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত স্থানীয় প্রাণিসম্পদ দপ্তর বা নিবন্ধিত পশু চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। রোগাক্রান্ত পশুপাখিকে সুস্থ পশুপাখি থেকে অবিলম্বে আলাদা করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জসিম উদদীন বলেন, “শীত মৌসুমে একটু বাড়তি যত্ন, পরিচ্ছন্ন পরিবেশ, সুষম খাবার ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে পশুপাখিকে ঠান্ডাজনিত রোগ থেকে অনেকাংশেই রক্ষা করা সম্ভব। এতে খামারের উৎপাদন যেমন অব্যাহত থাকবে, তেমনি খামারিদের আর্থিক ক্ষতিও রোধ করা যাবে।”








