মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:৩৭

ফরিদগঞ্জের গাজীপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জের গাজীপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

পরিবেশ দূষণ রোধ ও কৃষিজমি সুরক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে জড়তা ভেঙ্গে মাঠে নামলো প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন ফরিদগঞ্জ উপজেলায় পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজারের অদূরে অবস্থিত ‘মেসার্স মাহাবুব চেয়ারম্যান ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ইটভাটাটি গুঁড়িয়ে দিয়েছে। অভিযান চলাকালে এক্সেভেটর (ভেকু) ব্যবহার করে ইটভাটাটির চিমনি ও কিলনসহ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে এর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে ইটভাটা পরিচালিত হয়ে আসছিলো। চলতি বছরের আগস্ট মাসে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার ইটভাটা মালিকদের সঙ্গে প্রশাসনের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় লাইসেন্সবিহীন ও অবৈধভাবে কোনো ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছিলো। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট অবৈধ ইটভাটা মালিকদের আনুষ্ঠানিক সতর্কতামূলক নোটিশও প্রদান করা হয়। তবে প্রশাসনের সেই নির্দেশনা ও নোটিশ অমান্য করে চলতি মৌসুমকে সামনে রেখে পুনরায় ইট পোড়ানোর কার্যক্রম শুরু করায় এ কঠোর আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। জেলায় ইতোমধ্যে ৪৮টি অবৈধ ইটভাটা চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত এসব ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার কোনো সুযোগ নেই, তাই আমাদের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বাড়ৈ। অভিযানের সময় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার ব্যাটালিয়নের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়