প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৬
শ্রীমঙ্গলে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শ্রীমঙ্গলের সুনগইড় গ্রামের রফিক মিয়া ও সফিনা বেগমের ছেলে। রোববার (২৩ আগস্ট ২০২৬) বেলা আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিন্দুরখান রোডস্থ জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসা থেকে তাকে আটক করে। অভিযানে শ্রীমঙ্গল থানার এসআই মুহিবুর রহমান, এসআই হারুনুর রশিদ, এসআই বাবলা, এসআই আনিস ও এসআই পারভেজ উপস্থিত ছিলেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি প্রায় এক মাস ধরে ওই শিক্ষকের বিরুদ্ধে বলাৎকার (যৌন নির্যাতনের) অভিযোগ করেছেন। দীর্ঘদিনের নির্যাতনের কারণে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অভিযোগ রয়েছে, রোববার সকালে শিশুটি শিক্ষকের কথামতো চলতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এতে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় বলে পুলিশ জানিয়েছে। পরে শিশুটির অভিভাবক বিষয়টি শ্রীমঙ্গল থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ্ আল মামুন জানান, ভুক্তভোগী শিশুর শরীরে নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া গেছে। থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক তার অপরাধের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই হাবিবুর রহমান জানান, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৩৩)। ঘটনার অধিকতর তদন্ত এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এলাকাবাসী ও সচেতন মহল এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।







