রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৬

প্রবাসে থেকেও মামলার আসামি

ঘাসিপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীর পরিবারকে হয়রানি

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঘাসিপুর গ্রামে এক প্রবাসীর পরিবারকে মিথ্যা মামলা ও জমি সংক্রান্ত বিরোধে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার করার অভিযোগ উঠেছে। কাতার প্রবাসী আবুল কালাম ও তার পরিবারের দাবি—একটি প্রভাবশালী চক্র তাদের পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের উদ্দেশ্যে দুই ভাইকে উসকানি দিয়ে পরিবারটিতে পারিবারিক কলহ সৃষ্টি করেছে এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাসিপুর গ্রামের মৃত বসু বেপারীর বড় ছেলে আবুল কালাম দীর্ঘ ২৮ বছর ধরে কাতারে কর্মরত। অভিযোগ উঠেছে, একই ইউনিয়নের সোবহানপুর গ্রামের আমির গাজী নামের এক ব্যক্তি প্রবাসীর জমি দু বছরের জন্য ইজারা নিয়ে স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে মেয়াদ আট বছর বানিয়ে দখল করে রেখেছেন। এছাড়া প্রবাসীর প্রয়াত বাবার কাছ থেকে ৯ শতাংশ জমি ক্রয়ের কথা বলে পুরো টাকা পরিশোধ না করেই সেখানে ভবন নির্মাণ এবং আশেপাশের জমিতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি আমির গাজীর মাছের ঝিলে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ এনে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে লক্ষণীয় বিষয় হলো, ঝিলের ইজারাদার আমির গাজী নিজে বাদী না হয়ে প্রবাসী আবুল কালামের ছোট ভাই রিপন বেপারীকে দিয়ে মামলা করান। ওই অভিযোগে প্রবাসী আবুল কালাম, তার স্ত্রীসহ ৫ জনকে অভিযুক্ত করা হয়। প্রবাসে অবস্থানরত ব্যক্তি ও তার শহরের বাসায় থাকা স্ত্রীর বিরুদ্ধে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ তোলা নিয়ে স্থানীয়দের মাঝে চরম বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে তদন্তে গিয়ে স্থানীয় বাসিন্দা মো. শফিক বেপারী, মো. মহসিন ও সাহিনা বেগমের সঙ্গে কথা বললে তারা জানান, ঝিলে বিষ প্রয়োগ করে মাছ মারার কোনো ঘটনাই ঘটেনি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট সাজানো গল্প।

এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী আবুল কালাম টেলিফোনে জানান, "আমি দীর্ঘ ২৮ বছর ধরে প্রবাসে আছি। অথচ দেশে না থেকেও একাধিক মামলার আসামি করা হয়েছে আমাকে। আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করানোর ভয় দেখানো হচ্ছে, যার কারণে আমি দেশে ফিরতে পারছি না। আমি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও সুবিচার দাবি করছি।"

প্রবাসী কালামের স্ত্রী পাপিয়া খাতুন অভিযোগ করে বলেন, "সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে আমি শহরে থাকি। অথচ গ্রামে না থেকেও একাধিক মামলার আসামি হতে হচ্ছে। আমির গাজী আমার দেবরদের ভুল বুঝিয়ে ও প্ররোচিত করে আমাদের জমি দখলের জন্য এসব মিথ্যা মামলা ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।"

মামলার অন্য অভিযুক্ত রুবেল জানান, ভাইয়ে-ভাইয়ে বিরোধ তৈরি করে প্রবাসীর সম্পত্তি দখলের জন্য ইজারাদার আমির গাজী একটি কাল্পনিক ঘটনা সাজিয়ে থানা পুলিশ পর্যন্ত নিয়ে গেছেন।

প্রবাসীর পরিবারটি অবিলম্বে বিষয়টির নিরপেক্ষ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থাগ্রহণ এবং নিরাপদ জীবনযাপনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়