প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২০:৫৬
মতলব উত্তরে জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা
শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ ও অনুপ্রেরণার বিকল্প নেই
----ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন

মতলব উত্তরে এসএসসি পরীক্ষা ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত ৭৮জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রাইজমানি তুলে দেয়া হয়।
|আরো খবর
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন।
প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ ও অনুপ্রেরণার বিকল্প নেই। কৃতী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করতে হবে । পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধের বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন এবং ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।








