প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৪:৫৯
চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান
অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির দায়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে জনস্বার্থ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুরে শহরের ফিশারী গেট এলাকায় পরিচালিত এই অভিযানে অনিয়মের দায়ে 'সম্পূর্ণ কম্পিউটার' নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
|আরো খবর
অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়া যায় ওই প্রতিষ্ঠানে। এর মধ্যে রয়েছে : সরকার নির্ধারিত ফি অপেক্ষা অধিক মূল্যে সেবা প্রদান, প্রবাসীদের হয়রানি করা এবং বৈধ ট্রেড লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করা।
তিনি আরো জানান, অভিযানের সময় মিতু আক্তার নামে এক প্রবাসী অভিযোগ করেন যে, তার কাছ থেকে কাজ না করেই অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর প্রতিষ্ঠানটির কাছ থেকে আদায়কৃত সেই অর্থ ভুক্তভোগীকে তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়।অভিযানে প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে তারা স্বেচ্ছায় পরিশোধ করে। এছাড়া, অভিযুক্ত প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার লিখিত অঙ্গীকার প্রদান করে।
নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযানের সময় ওই এলাকার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ভোক্তা অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। সার্বিক নিরাপত্তায় অভিযানে সহযোগিতা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল।
জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা কার্যালয়।







