প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৪
বালুবাহী ট্রাকচাপা দিয়ে সাংবাদিককে হত্যার চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু ব্যবসা নিয়ে সংবাদ ও ফেসবুকে লেখালেখি করার জেরে মো. শাকির আহমেদ (৩৬) নামের এক সাংবাদিকের ওপর ট্রাকচাপা দিয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে।
|আরো খবর
গত শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন উঁচু ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানায় অজ্ঞাতনামা ট্রাকচালকসহ ২-৩ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
মো. শাকির আহমেদ দৈনিক 'আমাদের কণ্ঠ' ও অনলাইন নিউজ পোর্টাল 'দৈনিক সিলেট ডটকম'-এর শ্রীমঙ্গল প্রতিনিধি এবং শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও ফেসবুকে লেখালেখি করে আসছিলেন শাকির আহমেদ। ঘটনার রাতে শ্রীমঙ্গল প্রেস ক্লাবে মতবিনিময় সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। আশিদ্রোন উঁচু ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা একটি বালুবোঝাই ট্রাক তাকে হত্যার উদ্দেশ্যে মোটরসাইকেলের ওপর তুলে দেওয়ার চেষ্টা করে। জীবন বাঁচাতে তিনি মোটরসাইকেল নিয়ে পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। এতে তার মোটরসাইকেলের লুকিং গ্লাসসহ বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে প্রায় দেড় হাজার টাকার ক্ষতি হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির নামও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।







