প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৭
ডিআইইউতে ১৮তম শিল্প-শিক্ষায়তন বক্তৃতায় রানার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাফিজুর রহমান খান
শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

বাজারের আগামী দিনের চাহিদা ও সম্ভাবনা আগে থেকে অনুধাবন করতে পারাই একজন সফল উদ্যোক্তার মূল শক্তি—এমন মন্তব্য করেছেন শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রানার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
|আরো খবর
সোমবার (৫ অক্টোবর ২০২৬) আশুলিয়ার বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে ‘শিল্প-শিক্ষায়তন সংযোগ উন্নয়ন’ বক্তৃতামালার ১৮তম পর্বে মূল বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
হাফিজুর রহমান খান বলেন, “যে উদ্যোক্তা ভবিষ্যৎ দেখতে পান, তিনিই সফল ব্যবসায়ী হন।” নিজের ব্যবসায়িক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি অনৈতিক উপায়ে রাতারাতি সফল হওয়ার চেয়ে সততা ও প্রচলিত আইন মেনে দীর্ঘমেয়াদি সুদৃঢ় ভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি জানান, চাকরি ছেড়ে ব্যবসা শুরুর প্রথম দিন থেকেই তাঁর স্বপ্ন ছিলো বড় শিল্পগোষ্ঠী গড়ার মাধ্যমে দেশে কর্মসংস্থান তৈরি করা। প্রতিকূল পরিস্থিতিতেও সেই লক্ষ্যে অটল থেকে কঠোর পরিশ্রম করাই তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইইউ-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাসুম ইকবাল। শুভেচ্ছা বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, “বাংলাদেশে একমাত্র ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়েই পৃথক ‘উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগ’ রয়েছে। হাফিজুর রহমান খানের এই দিকনির্দেশনা থেকে তরুণ শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগের প্রধান কামরুজ্জামান দিদার।
উল্লেখ্য, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ বাড়াতে ২০১৬ সালে এই বক্তৃতা সিরিজের সূচনা করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। এর ধারাবাহিকতায় দেশি-বিদেশি শীর্ষ উদ্যোক্তাদের বক্তব্য নিয়ে ড. মো. সবুর খানের সম্পাদনায় 'পথিকৃৎ উদ্যোক্তাদের জীবনসংগ্রাম' শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করা হয়। অনুষ্ঠান থেকে জানানো হয়, ১৯৪৭-১৯৭১ সময়কালে জন্মগ্রহণকারী সফল উদ্যোক্তাদের জীবনবৃত্তান্ত নিয়ে বইটির দ্বিতীয় খণ্ড শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে।
ডিসিকে /এমজেডএইচ







