প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫২
ইউনিয়ন পরিষদ নির্বাচন : ফরিদগঞ্জের সম্ভাব্য প্রার্থী-৮
পাইকপাড়া উত্তরে ডজনখানেক প্রার্থী মাঠে সক্রিয়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে প্রায় ডজনখানেক প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন। উপজেলার আর কোনো ইউনিয়নে এতো প্রার্থীর কথা এখন পর্যন্ত শোনা যায়নি।
|আরো খবর
৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন একটি উন্নয়নহীন ইউনিয়ন। এই ইউনিয়নের উত্তরে বালিথুবা পূর্ব ও সুবিদপুর পশ্চিম ইউনিয়ন, পূর্বে গুপ্টি পূর্ব ও গুপ্টি পশ্চিম ইউনিয়ন এবং দক্ষিণ ও পশ্চিমে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন অবস্থিত। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ইউনিয়ন হলো এই পাইকপাড়া উত্তর। বিশেষ করে, পাইকপাড়া ইউ.জি. উচ্চ বিদ্যালয়টি মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে চলেছে। মুক্তিযুদ্ধের সময় চাঁদপুর শহরে যখন মুক্তিযোদ্ধাদের অবস্থান করা কঠিন হয়ে পড়েছিল, তখন চাঁদপুরের মুক্তিযোদ্ধারা এখানে এসে ক্যাম্প স্থাপন করেছিলেন। এ ইউনিয়নে ৩টি বাজার রয়েছে। বাজারগুলো হলো—চৌরঙ্গী বাজার, শাহী বাজার ও পাইকপাড়া বাজার। এ ছাড়া কাঁশারা ভূঁইয়া বাড়িতে প্রাচীন আমলের একটি তিন গম্বুজবিশিষ্ট মসজিদ রয়েছে। উপজেলা এলজিইডির অসহযোগিতার কারণে ইউনিয়নের রাস্তাঘাটের সঠিক পরিসংখ্যান উপস্থাপন করা সম্ভব হয়নি। তবে এখানকার অধিকাংশ রাস্তাই খারাপ।
ফরিদগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের মোট ভোটার ২৫ হাজার ২৩২ জন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ১০৮ জন এবং মহিলা ১২ হাজার ১২৪ জন। মোট ভোটকেন্দ্র ৯টি ও মোট ভোটকক্ষ ৪৮টি।
ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আবু তাহের পাটওয়ারী। তাঁর আগে চেয়ারম্যান ছিলেন মহসিন পাটওয়ারী। আবু তাহের পাটওয়ারী এবার নির্বাচন করবেন না; তবে তাঁর পরিবর্তে তাঁর ছেলে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও পাইকপাড়া জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি aminul islam (ফরহাদ) নির্বাচন করবেন। এ ছাড়া মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক ও সংগঠক মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন পাটওয়ারী (যিনি সাবু পাটওয়ারী নামে অধিক পরিচিত) নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তরুণ সমাজসেবক, বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মোজাম্মেল হক; ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আবুল বাসার (সোহেল); ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবদলের সভাপতি এবং তরুণ শিক্ষানুরাগী জহিরুল ইসলাম গাজী; ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দীন পাটোওয়ারী (ফরহাদ) এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। এ ছাড়া আরও যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন—হাবিবুর রহমান ভূঁইয়া, জহিরুল ইসলাম গাজী, আবু তাহের পাটওয়ারী ও পাভেল পাটওয়ারী। আওয়ামী লীগের আলাউদ্দিন পাটওয়ারী এবং জামায়াত সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু জাফর মঞ্জুও আলোচনায় রয়েছেন।
ডিসিকে /এমজেডএইচ








