রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯

আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য

আফছার হোসাইন, মিশর থেকে
আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য

মিশরের বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক মিশন ইনস্টিটিউটের বালক ও বালিকা শাখার সমাপনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। এ বছর আন্তর্জাতিক এ শিক্ষাঙ্গনে বাংলাদেশিরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। উচ্চমাধ্যমিক (এইচএসসি) সমমান পর্যায়ে সেরা দশে স্থান পেয়েছেন ৫ বাংলাদেশি শিক্ষার্থী। এছাড়া মাধ্যমিক (এসএসসি) সমমান পর্যায় থেকেও সেরা দশে জায়গা করে নিয়েছেন ১ জন।

সম্প্রতি কায়রোতে অবস্থিত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের কৃতিত্বের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের বিশেষ সাফল্য প্রশংসিত হয়। আল-আজহারের গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমদ আত-তাইয়্যেবের তত্ত্বাবধানে পরিচালিত এ ইনস্টিটিউট থেকে উত্তীর্ণদের অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে বাংলাদেশি শিক্ষার্থীদের এই অর্জনে আন্তরিক অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় সর্বোচ্চ মনোযোগী থাকার পাশাপাশি শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে—এমন যে কোনো কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেন।

রাষ্ট্রদূত বলেন, “শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজন, পরামর্শ ও সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস সব সময় পাশে থাকবে।” বিদেশের মাটিতে শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দেশীয় প্রতিনিধিকে পাশে পেয়ে শিক্ষার্থীরা আবেগাপ্লুত হন এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছর বিশ্বের ১৪৫টি দেশের ২ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ইসলামিক মিশন ইনস্টিটিউট থেকে এসএসসি ও এইচএসসি সমমানের পাঠ সম্পন্ন করেছেন। এর মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিলো প্রায় ৫০ জন।

এইচএসসি পর্যায়ে সেরা দশে স্থান পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা হলেন : আবদুল্লাহ আশরাফ মাহমুদ, মুহাম্মাদ সুহাইল, রিদোয়ান আহমাদ, নাঈম উদ্দিন হাবিব, এমডি হারুন রাশেদ ও মুহাম্মাদ হুসাইন। এ ছাড়া এসএসসি পর্যায়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন মুহাম্মাদ হুসাইন।

বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য ও শিষ্টাচারে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষকরা। বালক শাখার ডিন তামিম ফয়সাল ও বালিকা শাখার ডিন সুরাইয়া আবদুস সামিসহ সংশ্লিষ্ট শিক্ষকেরা বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সুচিন্তিত আচরণের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থীবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. নাহলা আস-সাঈ, শিক্ষাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ড. আবু আল-ইয়াজিদ সালামা এবং আল-আজহার ইসলামিক রিসার্চ একাডেমির মহাসচিব ড. আবদুদ দায়িম জুনদি। তাঁরা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা ও দায়িত্বশীলতার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

শিক্ষার্থী তামিম ইকবালের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং সঞ্চালনায় ছিলেন ইন্দোনেশিয়ার দুই শিক্ষার্থী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর সহ-সভাপতি দেলোয়ার মাহমুদ খান মিল্কীসহ বিভিন্ন কূটনীতিক ও ব্যক্তিবর্গ। এ সময় বাংলাদেশ দূতাবাস ও আল-আজহার কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়