রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ২২:৪৩

বাগাদীতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলো

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
বাগাদীতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা ভবনে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের সমস্ত আসবাবপত্র পুড়ে গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় ভবনে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীরা প্রাণে বেঁচে যান এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষাসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে প্রতিষ্ঠানটি রক্ষা পায়।

গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল ম্যানেজার তাপস আচার্য জানান, রাত আনুমানিক সোয়া ৩টার দিকে নৈশপ্রহরী নিত্য রঞ্জন শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানকে অগ্নিকাণ্ডের বিষয়টি জানান। নৈশপ্রহরীর ভাষ্যমতে, কে বা কারা জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রোল বোমা কিংবা দাহ্য পদার্থ নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে শাখা ব্যবস্থাপক জোনাল ম্যানেজারকে বিষয়টি জানালে তিনি দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার নির্দেশ দেন।

জোনাল ম্যানেজার তাপস আচার্য আরও জানান, "আমি দুর্গা পূজার ছুটিতে ঢাকায় ছিলাম। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটি বাতিল করে চাঁদপুরে আসি। ঘটনায় ভবনের দ্বিতীয় তলার আসবাবপত্র পুড়ে গেলেও কোনো কর্মকর্তা-কর্মচারী আহত হননি এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র বা নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। এটি পেট্রোল বোমা হামলা কি না, তা আইনগত তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।"

চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর ইউনিটের স্টেশন লিডার নজরুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে তাৎক্ষণিক প্রচেষ্টায় রাত ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং ভোর ৪টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। আগুনে ব্যাংকের আনুমানিক ১ লাখ টাকার আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় ভবনের ব্যাংকিং নথিপত্রসহ প্রায় ১০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তদন্ত শেষে নিশ্চিত করা হবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়