শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৫:২০

ইউনিয়ন পরিষদ নির্বাচন : ফরিদগঞ্জের সম্ভাব্য প্রার্থী–৫

সুবিদপুর পশ্চিমে এমপির আশীর্বাদের দিকে তাকিয়ে থাকবেন প্রার্থীরা!

সুবিদপুর পশ্চিমে এমপির আশীর্বাদের দিকে তাকিয়ে থাকবেন প্রার্থীরা!
নুরুল ইসলাম ফরহাদ

গুঞ্জন রয়েছে, ফরিদগঞ্জের অন্যান্য ইউনিয়ন থেকে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নির্বাচনী মাঠের সমীকরণ হবে ভিন্ন। কারণ, এটি বর্তমান সংসদ সদস্যের নিজ ইউনিয়ন। জাতীয় নির্বাচনেও এখানে বর্তমান এমপি আব্দুল হান্নান রেকর্ড ব্যবধানে বিজয়ী হয়েছেন; যা অনেকে অস্বাভাবিক হিসেবেও দেখছেন। সংগত কারণেই এখানকার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা সংসদ সদস্যের গ্রিন সিগন্যাল বা আশীর্বাদের দিকে তাকিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এই ইউনিয়নবাসী এই প্রথম কোনো সংসদ সদস্য পেলেন।

৪ নম্বর সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আয়তন ১৬.৯৮ বর্গকিলোমিটার। ইউনিয়নে মোট ১৭টি গ্রাম রয়েছে। এছাড়া এ ইউনিয়নে ৪টি বড় বাজার রয়েছে— মুন্সিরহাট বাজার, সাহার বাজার, কামতা বাজার ও শোল্লা বাজার। পাশাপাশি একতা বাজার নামেও একটি ছোট বাজার রয়েছে। এ ইউনিয়নের পশ্চিমে বালিথুবা পূর্ব ইউনিয়ন, দক্ষিণে পাইকপাড়া উত্তর ইউনিয়ন ও গুপ্টি পূর্ব ইউনিয়ন, পূর্বে সুবিদপুর পূর্ব ইউনিয়ন এবং উত্তরে হাজীগঞ্জ উপজেলা অবস্থিত। তবে উপজেলা এলজিইডির অসহযোগিতার কারণে ইউনিয়নে মোট পাকা রাস্তা, সলিং ও কাঁচা রাস্তা কত কিলোমিটার—তা জানা সম্ভব হয়নি।

৪ নম্বর সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মোট ভোটার ২৪ হাজার ৪২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৯৭৪ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৪৫৪ জন। ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৯টি এবং ভোটকক্ষ রয়েছে ৪৬টি।

বর্তমানে এই ইউনিয়নের রানিং চেয়ারম্যান মো. মহসীন হোসেন। তিনিও ১ ও ৩ নম্বরের মতো প্রতিকূল পরিবেশে বিএনপির সমর্থন নিয়ে আওয়ামী লীগ আমলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সুসময়েও তিনি প্রার্থী হবেন—এমনটাই অনেকের প্রত্যাশা। তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর আগে এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. হানিফ মিয়া।

২০২৭ সালের নির্বাচনে বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থীরা হলেন— উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বুলু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল খলিফা, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ ভূঁইয়া, বিএনপি নেতা মো. ফারুক হোসেন ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবু ইউসুফ শাওন চৌধুরী।

অন্যদিকে জামায়াত সমর্থিত সম্ভাব্য প্রার্থী হলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. সরওয়ার হোসেন আসিফ। তবে উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা বা গঠন হলে প্রার্থীর তালিকায় পরিবর্তনও আসতে পারে বলে তৃণমূলের নেতা-কর্মীরা মনে করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়