প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৫:১৫
শাহমাহমুদপুরে ক্লিন ইমেজের চেয়ারম্যান পদপ্রার্থী এসএম বাকের খন্দকার

চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী এসএম বাকের খন্দকার ভোটারদের মাঝে এক জনপ্রিয় ও 'ক্লিন ইমেজ'-এর ব্যক্তিত্ব হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে তিনি দিনরাত ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন।
স্থানীয় ভোটারদের আলোচনা ও গুঞ্জনে উঠে এসেছে তাঁর নাম। ঐতিহ্যবাহী শাহতলী খন্দকার বাড়ির কৃতী সন্তান এসএম বাকের খন্দকার জেলা বিএনপির সদস্য, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির দু বারের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যেই তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মাঠে নেমেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে সার্বিক খোঁজখবর ও আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন। আসন্ন ইউপি নির্বাচনে দলমত নির্বিশেষে স্থানীয় নেতাকর্মী, সুশীল সমাজ, সাধারণ ভোটার ও সমর্থকদের মাঝে তিনি ব্যাপক সাড়া জাগিয়েছেন।
শাহমাহমুদপুর ইউনিয়নে একজন পরিচ্ছন্ন ও স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে এসএম বাকের খন্দকারের যথেষ্ট সুনাম রয়েছে। আগামী দিনে এলাকার জনগণ তাঁকে ইউনিয়নের অভিভাবক হিসেবে দেখতে চান।
বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সাথে কথা বলে জানা যায়, বাকের খন্দকার দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁকে বিজয়ী করতে স্থানীয় নেতাকর্মীরা এবং সাধারণ সমর্থকরা বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ভোটারদের দাবি, এই ইউনিয়নে তাঁর মতো সৎ, নিরহংকার ও গরিব-অসহায় মানুষের আপনজন হিসেবে ক্লিন ইমেজের দ্বিতীয় কোনো প্রার্থী নেই। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর প্রার্থিতার বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে। সাধারণ ভোটারদের মতে, আসন্ন নির্বাচনে প্রার্থী বাছাইতে ভুল হলে বিএনপির ভরাডুবি হতে পারে। তাই ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা, বাকের খন্দকারকে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।








