প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০১:০২
ঢাকা ওয়ান্ডারার্সের হোম ভেন্যু হিসেবে প্রস্তাবনায় চাঁদপুর
বিপিএল ফুটবলের ভেন্যু হতে পারে চাঁদপুর স্টেডিয়াম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের আগামী আসরে চাঁদপুর স্টেডিয়াম ভেন্যু হিসেবে ব্যবহারের সম্ভাবনা তৈরি হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের ঐকান্তিক প্রচেষ্টা ও সদিচ্ছায় এবং ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম ও সেক্রেটারি মাহবুবুর রহমান শাহিন বাফুফের কাছে ওয়ান্ডারার্সের হোম ভেন্যু হিসেবে চাঁদপুরের নাম প্রস্তাব করেছেন। এই প্রেক্ষাপটে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের হোম ভেন্যু হিসেবে চাঁদপুরকে প্রস্তাবনায় রাখা হয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি প্রতিনিধি দল মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) চাঁদপুর সফর করে মাঠ, অনুশীলন সুবিধা ও আবাসন ব্যবস্থা পরিদর্শন করেছে।
|আরো খবর
বাফুফের প্রতিনিধি দল দীর্ঘ সময় নিয়ে চাঁদপুর স্টেডিয়ামের মাঠ ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পরিদর্শন করে। একই সঙ্গে খেলোয়াড়দের অনুশীলনের জন্যে সম্ভাব্য প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে পুলিশ লাইনস মাঠ, আউটার স্টেডিয়াম এবং চাঁদপুর সরকারি কলেজ মাঠও ঘুরে দেখেন তারা। পরিদর্শনকালে মাঠের অবস্থা, খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ, দর্শক সুবিধা, নিরাপত্তা ও অন্যান্য অবকাঠামোগত বিষয় পর্যবেক্ষণ করা হয়। এছাড়া অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের আবাসন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে শহরের হোটেল গ্র্যান্ড হিলশা ও গাজী আবাসিক হোটেলও পরিদর্শন করে প্রতিনিধি দল। আবাসন ব্যবস্থা, কক্ষের মান, সুযোগ-সুবিধা এবং দলগুলোর থাকার উপযোগিতা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।
এদিকে চাঁদপুর স্টেডিয়ামকে বিপিএল ফুটবলের সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করায় স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ের বড় ফুটবল আয়োজন থেকে কিছুটা দূরে থাকা চাঁদপুরে প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন হলে তা জেলার ফুটবলপ্রেমীদের জন্য বড় প্রাপ্তি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চাঁদপুরে বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হলে শুধু ফুটবল নয়, জেলার ক্রীড়া অবকাঠামো ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। দেশের শীর্ষ পর্যায়ের ফুটবল ক্লাবগুলোর খেলোয়াড় ও কর্মকর্তাদের আগমনকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হওয়ার পাশাপাশি এটি তরুণ ফুটবলারদেরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে অংশগ্রহণকারী ১২টি দল হলো—বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড ঢাকা, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ পুলিশ এফসি, ফর্টিস এফসি, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ এমএফএস, চট্টগ্রাম সিটি এফসি, সিটি ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। এর মধ্যে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের হোম ভেন্যু হিসেবে চাঁদপুর স্টেডিয়াম প্রস্তাবনায় থাকায় জেলার ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে চাঁদপুর স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করার বিষয়টি বাফুফের পরবর্তী সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভর করছে।
চাঁদপুরে বিপিএলের ম্যাচ আয়োজনের সুযোগ পেলে এটি জেলার ক্রীড়াঙ্গনের জন্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও ফুটবলপ্রেমীরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন, সদস্য হাসান আল জায়েদ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের কর্মকর্তা, সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর খান, মেজবাহ উদ্দিন মেজু, নাসির চোকদার, জাহাঙ্গীর পাটোয়ারী, ব্রাদার্স ক্লাবের সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, গুয়াখোলা ক্রীড়া চক্রের সেক্রেটারি ফয়সাল আহমেদ বাহার, রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি জনিসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তাবৃন্দ।
ডিসিকে/ এমজেডএইচ








