প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১২:৩৬
৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬
চাঁদপুর সুইমিং ক্লাবের গৌরবময় সাফল্য

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে গত ১১ থেকে ১৪ জুলাই ২০২৬ পর্যন্ত ঢাকার জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুরে অনুষ্ঠিত হয় ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬। দেশের বিভিন্ন জেলা, বিভাগ, ক্রীড়া সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবসহ মোট ৮০টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় চাঁদপুর সুইমিং ক্লাব অসাধারণ নৈপুণ্য ও প্রতিভার স্বাক্ষর রেখে দীর্ঘ ২০ বছর পর একটি স্বর্ণপদক অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছে। এই সাফল্য শুধু চাঁদপুর সুইমিং ক্লাবের জন্যেই নয়, বরং চাঁদপুর জেলার ক্রীড়াঙ্গনের জন্যেও একটি গর্বের অর্জন।
শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় চাঁদপুর সুইমিং ক্লাব ৮০টি দলের মধ্যে ১১তম স্থান অর্জন করে উল্লেখযোগ্য কৃতিত্ব প্রদর্শন করেছে। সীমিত সুযোগ-সুবিধা ও প্রতিকূলতার মধ্যেও খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, কোচদের দক্ষ প্রশিক্ষণ এবং ক্লাব কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। চাঁদপুর সুইমিং ক্লাবের এই অর্জন ভবিষ্যতে জেলার সাঁতারুদের আরও উৎসাহিত করবে এবং জাতীয় পর্যায়ে চাঁদপুরের সাঁতারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এই সাফল্যের জন্যে সকল খেলোয়াড়, কোচ, অভিভাবক, শুভানুধ্যায়ী ও পৃষ্ঠপোষকদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও উন্নত ফলাফল অর্জনের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
তাঁরা বলেন, চাঁদপুর সুইমিং ক্লাবের এই সাফল্য জেলার ক্রীড়াঙ্গনের জন্যে এক নতুন মাইলফলক এবং ভবিষ্যৎ প্রজন্মের সাঁতারুদের জন্যে এক অনুপ্রেরণার উৎস।
কে কোন্ ইভেন্টে পুরস্কার পেলো
চাঁদপুর সুইমিং ক্লাবের সাঁতারু
মো. শাহদাত হোসেন
৮-১০ গ্রুপ (বালক)-এ অংশগ্রহণ করে ১ টি স্বর্ণ ও ৪টি ব্রোঞ্জ পদক অর্জন করে। ৫০ মিটার বাটারফ্লাইয়ে প্রথম স্থান, ১০০ মিটার ফ্রি স্টাইলে তৃতীয় স্থান, ৫০ মিটার ব্যাক স্ট্রোকে তৃতীয় স্থান ও ৫০ মিটার ফ্রী স্টাইল তৃতীয় স্থান অর্জন করে।
চাঁদপুর সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম জানান, চাঁদপুর আউটার স্টেডিয়ামে সুইমিং পুলের সংস্কার কাজের জন্যে সেটি ক'বছর বন্ধ থাকায় আমরা শহরের বিভিন্ন পুকুরে প্রশিক্ষণ চালিয়ে গেছি। আমাদের পুল না থাকার কারণে আমরা তেমন ভালো ফলাফল করতে পারিনি। তবে আশা করি সুইমিংপুলে প্রশিক্ষণ দিতে পারলে ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করা সম্ভব। আমি বিশ্বাস করি, চাঁদপুর সুইমিং ক্লাবের সাঁতারুদের মধ্য থেকে একদিন প্রয়াত সাঁতারু অরুন কুমার নন্দী, আ. মালেক এবং বর্তমান সাঁতারু নুরুল ইসলামের মতো বিশ্ব নন্দিত সাঁতারু বেরিয়ে আসবে।







