প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১০:১২
আশিকাটি ইউপি নির্বাচনে আলোচনায় কাজী আলী আশ্রাফ রিপন
তৃণমূলের রাজনীতি থেকে চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রত্যাশা, দলীয় সমর্থনের অপেক্ষায়

চাঁদপুর সদর উপজেলার ২ নম্বর আশিকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশ্রাফ রিপন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে তিনি দলীয় সমর্থন প্রত্যাশা করছেন। তবে নির্বাচনে দলীয় সমর্থন ও প্রার্থিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি।
চাঁদপুর জেলা শহরের নিকটবর্তী গুরুত্বপূর্ণ ইউনিয়ন আশিকাটি। এ ইউনিয়নে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় কাজী আলী আশ্রাফ রিপন প্রায় ছয় বছর ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করে পর্যায়ক্রমে যুবদল হয়ে মূল দলের নেতৃত্বে উঠে এসেছেন তিনি।
আশিকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল বারেক খান বলেন, "ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে রিপন ভাই অত্যন্ত আন্তরিক ও কর্মীবান্ধব নেতা। তিনি নেতা-কর্মীদের স্নেহ করেন এবং দলীয় সব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ইউনিয়ন বিএনপিকে সক্রিয় রেখেছেন। দলীয় সমর্থন পেলে যুবদলের নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করবেন। তবে জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাই যে প্রার্থীকে সমর্থন দেবেন, আমরা তাঁর পক্ষেই কাজ করবো।"
একই ধরনের মতামত তুলে ধরেন আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় মাল। তিনি বলেন, "দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও কঠিন সময়ে রিপন ভাই ছাত্রদলের নেতা-কর্মীদের পাশে ছিলেন। তাঁদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যাতেও সহযোগিতা করেছেন। নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি। দলীয় সমর্থন পেলে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করবেন। তবে দলের অভিভাবক এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাই যাঁকে সমর্থন দেবেন, আমরা তাঁর পক্ষেই ঐক্যবদ্ধ থাকবো।"
নিজের রাজনৈতিক পথচলা সম্পর্কে কাজী আলী আশ্রাফ রিপন বলেন, এসএসসি পাসের পর ১৯৯৭ সালে ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে তাঁর রাজনীতি শুরু হয়। পরবর্তী সময়ে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। তিনি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রিপন বলেন, রাজনৈতিক জীবনে নানা মামলা-হামলা ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। এ সময়ে তিনি দলের নেতা-কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন। ইউনিয়নে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক তাঁকে সমর্থন দেবেন বলে তিনি আশাবাদী।
চেয়ারম্যান নির্বাচিত হলে আশিকাটি ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন রিপন। তিনি বলেন, রাস্তাঘাটের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়া হবে। এসব ক্ষেত্রে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে ইউনিয়নকে দেশের অন্যতম সেরা ইউনিয়নে পরিণত করতে চান তিনি।
দলীয় সমর্থন প্রসঙ্গে রিপন আরও বলেন, "শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাই আমাদের রাজনৈতিক অভিভাবক। তিনি যাকেই দলীয় সমর্থন দেবেন, আমরা সবাই তার পক্ষেই কাজ করব।" একই সঙ্গে তিনি আশিকাটির সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা কাজী আলী আশ্রাফ রিপনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নেতা-কর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং উন্নয়ন পরিকল্পনা তাঁকে আশিকাটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মুখর রেখেছে।








