প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৬:৪০
সব ধর্মের মানুষের কল্যাণে বিএনপি সর্বদা কাজ করে
-----লায়ন হারুনুর রশিদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং প্রাক্তন সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, "বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যা ক্ষমতায় থাকুক বা না থাকুক, সর্বদা দেশের মানুষের কল্যাণে কাজ করে। অসাম্প্রদায়িক চেতনায় সব ধর্মের মানুষের কল্যাণে বিএনপি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।"
|আরো খবর
তিনি আরও বলেন, "বিগত স্বৈরাচারী শাসনের ১৭ বছর বিএনপির নেতা-কর্মীরা চরম নিপীড়ন ও নির্যাতনের মধ্য দিয়ে দিন কাটালেও আপনাদের দুর্গাপূজাসহ সকল উৎসবে পাশে ছিলেন। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের নিরাপত্তায় কাজ চলছে। এবারের শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন করতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো মাঠে তৎপর রয়েছে।"
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) রাতে ফরিদগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, দেশের সার্বিক উন্নয়নে বিএনপির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি সুদৃঢ় অবস্থানে নিয়ে যেতে তিনি সকল ধর্মের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে মণ্ডপে উপস্থিত হয়েছেন বলে জানান।
পরিদর্শনকালে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া মন্দিরের সভাপতি ডা. পরেশ চন্দ্র পাল এবং দাসপাড়া যুব সংঘের পূজা মণ্ডপে সংগঠনটির সভাপতি পরেশ চন্দ্র দাস পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারী, হাবিবুর রহমান রুবেল, পৌর যুবদল নেতা শাওন পাঠান, রিপন পাটওয়ারী এবং মহিলা দল নেত্রী শারমিন করিম, পারুল আক্তার ও আলেয়া আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।








