সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০০:৫৬

স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-৫

চাঁদপুর পৌরসভাকে আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব শহরে রূপান্তর করতে চাই

---------- মেয়র প্রার্থী অ্যাড. নূরুল আমিন খান আকাশ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর পৌরসভাকে আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব শহরে রূপান্তর করতে চাই
ক্যাপশন :মেয়র প্রার্থী অ্যাড. নূরুল আমিন খান আকাশ।

'নূরুল আমিন খান আকাশ' নামটি এখন চাঁদপুর শহরে বেশ পরিচিত এবং আলোচিত। 'ক্লিন চাঁদপুর' নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে এর কার্যক্রম দ্বারা বেশ প্রশংসিত এবং আলোচিত হয়েছেন অ্যাড. নূরুল আমিন খান আকাশ। শহর পরিচ্ছন্ন রাখা, সৌন্দর্য বৃদ্ধি করা এবং ঈদ, পূজাসহ বিভিন্ন সময়ে রাস্তায় যানজট নিয়ন্ত্রণে রাখতে 'ক্লিন চাঁদপুর'-এর স্বেচ্ছাসেবীরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করে শহরবাসীর প্রশংসা কুড়িয়েছে। অ্যাড. আকাশ সৃজনশীল মানসিকতা লালন করেন এবং ক্রীড়ামোদী নিরহংকার একজন মানুষ।

চাঁদপুর কণ্ঠের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে রাজনীতি এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার ফলে মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই দায়িত্ব নেয়ার ইচ্ছা তৈরি হয়েছে। সেই লক্ষ্যেই আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই শহরটিকে আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব শহরে রূপান্তর করতে চাই' ।

নুরুল আমিন খান আকাশ বিএনপির রাজনীতির সাথে সক্রিয়। বর্তমানে তিনি চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক। পৌর নির্বাচনকে সামনে রেখে তিনি চাঁদপুর কণ্ঠের মুখোমুখি হয়ে প্রশ্নোত্তর আকারে তাঁর কথাগুলো ব্যক্ত করেছেন। নিচে তাঁর বক্তব্য তুলে ধরা হলো--

চাঁদপুর কণ্ঠ : আপনি স্থানীয় সরকার নির্বাচনে কোত্থেকে কোন্ পদে প্রার্থী হিসেবে অংশ নিতে চান?
নূরুল আমিন খান আকাশ : আমি চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে অংশ নিতে চাই। একজন রাজনৈতিক কর্মী ও জনমানুষের প্রতিনিধি হিসেবে আমার লক্ষ্য হচ্ছে চাঁদপুর পৌরসভাকে একটি আধুনিক ও পরিকল্পিত শহরে রূপান্তর করা।

চাঁদপুর কণ্ঠ : প্রার্থী হবার ইচ্ছা আপনি কবে থেকে পোষণ করছেন? অতীতে কি কখনও নির্বাচনে অংশ নিয়েছিলেন?
নূরুল আমিন খান আকাশ : দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার ফলে মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। অতীতে ছাত্রজীবনে চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে অংশ নিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। জেলা ছাত্রদলের সভাপতি পদে নির্বাচিত হয়েছিলাম। কেন্দ্রীয় ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম। জনগণের জন্যে কিছু করার ইচ্ছা আমার ছাত্রজীবন থেকেই। এখন বৃহৎ পরিসরে জনসেবা করার ইচ্ছা থেকেই পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা। আর স্থানীয় সরকার নির্বাচনে এটাই আমার প্রথম অংশ নেয়া।

চাঁদপুর কণ্ঠ : আপনি কি দলীয় সমর্থন বা মনোনয়ন প্রত্যাশা করেন? না নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান?
নূরুল আমিন খান আকাশ : আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দলীয় আদর্শে বিশ্বাসী। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশা করি এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন করবো। তবে সর্বোপরি জনগণের সমর্থনই আমার প্রধান শক্তি।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচনে আপনি কি কেবল পরিচিতি লাভের জন্যে প্রার্থী হচ্ছেন, না বিজয়ের লক্ষ্য নিয়েই নামছেন?
নূরুল আমিন খান আকাশ : আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি শুধুমাত্র অংশগ্রহণের জন্যে নয়, বিজয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। একটি সুপরিকল্পিত কর্মসূচি, সংগঠনের শক্তি এবং জনগণের ভালোবাসা নিয়ে আমি আত্মবিশ্বাসী যে, বিজয় অর্জন সম্ভব।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচনকেন্দ্রিক আপনার পরিকল্পনা কী? সমাজসেবামূলক কাজ ও গণসংযোগ সম্পর্কে বলুন।
নূরুল আমিন খান আকাশ : আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো—এসব কার্যক্রম নিয়মিতভাবে করে আসছি। ইতোমধ্যে গণসংযোগ শুরু করেছি এবং প্রতিটি ওয়ার্ডে গিয়ে মানুষের মতামত নিচ্ছি। আমার পরিকল্পনা হচ্ছে একটি অংশগ্রহণমূলক ও জনসম্পৃক্ত নির্বাচন পৌরবাসীকে উপহার দেয়ার লক্ষ্যে জনমত গড়ে তোলা।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আপনি কি মনে করেন? আপনার পরামর্শ কী?
নূরুল আমিন খান আকাশ : আমি আশা করি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এজন্যে নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে সকল প্রার্থীর উচিত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের স্বাধীনভাবে ভোট দেয়ার সুযোগ নিশ্চিত করা।

চাঁদপুর কণ্ঠ : এলাকার উন্নয়নে আপনার প্রতিশ্রুতি কী?
নূরুল আমিন খান আকাশ : আমি চাঁদপুর পৌরবাসীর কাছে প্রতিশ্রুতি দিতে চাই— দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তুলবো। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পরিবর্তন আনবো। যানজট নিরসন ও সড়ক ব্যবস্থার উন্নয়ন করবো। তরুণদের জন্যে কর্মসংস্থান ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করবো। স্বাস্থ্য ও শিক্ষাসেবাকে আরও সহজলভ্য করবো।

চাঁদপুর কণ্ঠ : অতিরিক্ত কিছু বলার থাকলে বলুন।
নূরুল আমিন খান আকাশ : আমি বিশ্বাস করি, রাজনীতি মানে মানুষের সেবা করা। আমি চাঁদপুরবাসীর আস্থা ও ভালোবাসা নিয়ে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাই। সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত চাঁদপুর গড়ে তুলতে চাই।

চাঁদপুর কণ্ঠ : আপনার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরুন।
নুরুল আমিন খান আকাশ : আমি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর শহরের মমিন পাড়ায় আমাদের স্থায়ী নিবাস। আমি পেশায় আইনজীবী, বর্তমানে এপিপি। চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। 'ক্লীন চাঁদপুর' নামে একটা সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে শহরের বেশ কিছু তরুণ যুবকদের নিয়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক টিম তৈরি করে 'ক্লিন চাঁদপুর'-এর ব্যানারে তাদের দিয়ে নানা সেবামূলক কাজ করে যাচ্ছি। যেমন শহরের বিভিন্ন সমস্যা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সৌন্দর্য বৃদ্ধি, যানজট নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নানা উদ্যোগ গ্রহণসহ আরও জনকল্যাণমূলক কাজ চলমান রয়েছে। আমার স্ত্রী চাঁদপুর ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের একজন শিক্ষিকা। এক কন্যা সন্তান বর্তমানে ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রো বায়োলজি বিষয়ে অনার্স শেষ করে মাস্টার্স করার অপেক্ষায়। আমি মনেপ্রাণে একজন প্লেয়ার। একসময় আমি চাঁদপুর জেলা বাস্কেটবল টিম থেকে জাতীয় লীগ খেলেছি। জেলা ক্রিকেট প্লেয়ার, চাঁদপুর ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক। আমার কর্মকাণ্ড ইন্টার‌্যাক্ট ক্লাব থেকে শুরু। আমি চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট। চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক। সততা, ন্যায়বিচার ও উন্নয়নের লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়