রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০

রামপুরে জন্মাষ্টমীর আলোচনা সভায় শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের প্রশ্রয় দেওয়া হবে না

স্টাফ রিপোর্টার
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের প্রশ্রয় দেওয়া হবে না

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টায় রামপুর ইউনিয়নের কামরাঙ্গা চাঁন্দেরবাগ শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে স্থানীয় শ্রীশ্রী গীতা সংঘ এ সভার আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, “বাংলাদেশ আবহমান কাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ধর্মীয় উৎসবগুলো মানুষের পারস্পরিক ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।”

শ্রীকৃষ্ণের আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, “ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এর মূল বার্তা হলো অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করা। শ্রীকৃষ্ণের জীবনদর্শন আমাদের সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলতে অনুপ্রাণিত করে।”

এমপি মানিক আরও জোর দিয়ে বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশের সংবিধানে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালন ও উৎসব উদযাপনের পূর্ণ অধিকার রয়েছে। কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যেন নিজেদের নিরাপত্তাহীন মনে না করেন, তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব।”

সম্প্রীতি বিনষ্টকারীদের সতর্ক করে তিনি বলেন, “কেউ যদি ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালায়, সমাজে বিভেদ সৃষ্টি করে কিংবা কোনো সম্প্রদায়ের ওপর অন্যায় করে, তবে তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শান্তি ও সম্প্রীতি বিনষ্টকারীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।”

চাঁদপুরের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, “চাঁদপুরের মানুষ ঐতিহ্যগতভাবেই শান্তিপ্রিয় ও অসাম্প্রদায়িক। রামপুরসহ পুরো জেলায় সব ধর্মের মানুষের মধ্যে যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব রয়েছে, তা আমাদের যেকোনো মূল্যে বজায় রাখতে হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।”

বক্তব্যের শেষে তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান এবং দেশ ও মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

রবিন্দ্র দাসের সভাপতিত্বে এবং উর্মী দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম হোসেন পাঠান, সাধারণ সম্পাদক কাজী দ্বীল মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি তারেক হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিজি, সাংগঠনিক সম্পাদক মানিক মুন্সি, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন এবং কামরাঙ্গা চাঁন্দেরবাগ শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি শিউলি দাস।

এছাড়া অনুষ্ঠানে মন্দির কমিটির অন্য নেতৃবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়