বুধবার, ২২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯

কমেডি কিংয়ের ২৩তম মৃত্যুবার্ষিকী ও স্মরণ সভা

চাঁদপুরে দিলদারের নামে সড়ক, মুক্তমঞ্চ ও অডিটোরিয়াম করার দাবি

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
চাঁদপুরে দিলদারের নামে সড়ক, মুক্তমঞ্চ ও অডিটোরিয়াম করার দাবি

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কৌতুক অভিনয়ের এক উজ্জ্বল নক্ষত্র দিলদার হোসেন। সহজাত অভিনয় প্রতিভা, স্বতন্ত্র সংলাপ বলার ভঙ্গি এবং অসাধারণ হাস্যরসের মাধ্যমে তিনি কোটি দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন। চলচ্চিত্রে তাঁর উপস্থিতি দর্শকদের জন্যে ছিলো নির্মল আনন্দের এক অনন্য উৎস। পর্দায় তাঁর অভিনয় দর্শকদের হাসিয়েছে, আনন্দ দিয়েছে এবং বাংলা চলচ্চিত্রের কৌতুক অভিনয়কে দিয়েছে ভিন্ন এক মাত্রা। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে তিনি হয়ে উঠেছিলেন ‘কমেডি কিং’ হিসেবে পরিচিত। চাঁদপুরের এই কৃতী সন্তান আজও তাঁর অনবদ্য অভিনয় ও কর্মের মধ্য দিয়ে দর্শক-ভক্তদের হৃদয়ে অমর হয়ে আছেন।

তাঁর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে এক স্মরণসভা। গত শুক্রবার (১৭ জুলাই ২০২৬) চাঁদপুর শহরের প্যাপিরাস পাঠাগারে ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘ, চাঁদপুরের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদ্য প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফাজ্জল হোসেন (তাফু)-এর স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের আহ্বায়ক সাইফুল খান রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি এনায়েতে রাব্বি ইয়াছিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন লেখক ও কবি অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেতা দিলদার হোসেনের ভাতিজা মো. রাসেল পাটোয়ারী। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্য ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কমেডি কিং দিলদার হোসেন ছিলেন বাংলা চলচ্চিত্রের কৌতুক অভিনয়ের এক অনন্য প্রতিভা। তাঁর অভিনয়ের স্বতন্ত্র ধরণ, সংলাপ উপস্থাপনের অসাধারণ ভঙ্গি এবং সহজাত কৌতুকবোধ তাঁকে দর্শকদের কাছে চিরস্মরণীয় করে তুলেছে। তিনি তাঁর অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে কৌতুক অভিনয়ের একটি নিজস্ব ধারা তৈরি করেছিলেন। চাঁদপুরের এই কৃতী সন্তান তাঁর মেধা ও অভিনয় প্রতিভার মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন।

তারা আরও বলেন, দিলদার হোসেনের সংগ্রামী জীবন ও চলচ্চিত্রে অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। তাঁর কর্ম ও স্মৃতি সংরক্ষণে রাষ্ট্রীয় ও স্থানীয়ভাবে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এ সময় বক্তারা চাঁদপুরে দিলদারের নামে সড়ক, মুক্তমঞ্চ ও অডিটোরিয়ামের নামকরণ এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে তাঁর নামে একটি স্মৃতি কর্নার স্থাপনের দাবি জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি, সাংবাদিক ও সংস্কৃতি সংগঠক নাজমুল ইসলাম সজীব। শেষে কিংবদন্তি অভিনেতা দিলদার হোসেন ও সদ্য প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফাজ্জল হোসেন (তাফু)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দিলদার হোসেনের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর রুহের মাগফিরাতের জন্যে দোয়া কামনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়