মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০১:০০

চাঁদপুরে তার চুরির মহোৎসব: ৬ মাসে শতাধিক ঘটনা ঘটলেও মামলা মাত্র ৩টি!

সক্রিয় চোরচক্র, পুলিশের রহস্যজনক ভূমিকা: তার চুরির আতঙ্কে চাঁদপুরবাসী

গোলাম মোস্তফা
সক্রিয় চোরচক্র, পুলিশের রহস্যজনক ভূমিকা: তার চুরির আতঙ্কে চাঁদপুরবাসী
ছবি : প্রতীকী

চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় ইতোমধ্যে আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে বৈদ্যুতিক ও ডিশ লাইনের তার চুরির ঘটনা। কিন্তু এ সকল ঘটনা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনী। অপরদিকে এ সকল ঘটনায় বিশেষ করে পুলিশের নানা ধরনের অজুহাত বা অসহযোগিতার কারণে ভুক্তভোগী পরিবার বা প্রতিষ্ঠান আইনগত ব্যবস্থাগ্রহণ করতে চাইলেও এক পর্যায়ে পিছু হটে।

একটি সূত্র মতে জানা যায়, গত অক্টোবর মাস থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বিগত ছয় মাসে চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় শতাধিক বৈদ্যুতিক তার ও ডিশের তার চুরির ঘটনা ঘটে। কিন্তু চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জানান, বিগত ছয় মাসে চাঁদপুর সদর মডেল থানায় বৈদ্যুতিক তার চুরি সংক্রান্ত বিষয়ে মাত্র তিনটি মামলা দায়ের করা হয়েছে। তবে আরও কয়েকটি অভিযোগ ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দেয়া হয়েছে বলে জানান। এ তিনটি মামলা হচ্ছে যথাক্রমে চাঁদপুরজমিন টাওয়ারের তার চুরির ঘটনায় মামলা নং ৬৩। তাং- ১৪/১০/ ২৫ খ্রি.। এ মামলায় ভুক্তভোগী প্রতিষ্ঠান তিনজনকে এজাহার নামীয় আসামি করে মামলার দায়ের করলে তদন্ত করে পুলিশ আরো ২জনকে এই ঘটনার সাথে সম্পৃক্ততার প্রমাণ পেয়ে মোট ৫জনকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণে পুলিশ মোট পাঁচজনকে আটক করে আদালতে প্রেরণ করে।

চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় এলাকার অ্যাপোলো আকবর কমপ্লেক্সে তার চুরির ঘটনায় মডেল থানায় দায়েরকৃত মামলা নং ৫৭, তাং ১৪/১২/২৬খ্রি.। স্টার আল কায়েদ জুট মিলে চুরির ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত মামলা নং ৯৬, তাং ১৯/৩/২৬খ্রি.। এ দুটি মামলায় সন্দেহভাজন হিসেবে পুলিশ ৬ জনকে আটক করে আদালতে প্রেরণ করে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত আরো জানান, এছাড়া তার চুরির ঘটনায় বেশ ক'টি অভিযোগ মডেল থানায় রয়েছে। এ সকল অভিযোগের বিষয়ে পুলিশ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এদিকে গত ছয় মাসে বৈদ্যুতিক ও ডিশের তার চুরির ঘটনা ঘটেছে শতাধিক। এসব চুরির ঘটনায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও ডিশ সংযোগ ব্যাহত হচ্ছে। চুরির ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের মাঝে মাঝে রহস্যজনক আচরণে ভুক্তভোগী পরিবার বা প্রতিষ্ঠান অনেক সময় পিছু হটে।

স্থানীয়দের অভিযোগ, ধারাবাহিক এসব চুরির ঘটনায় পুলিশ তৎপর থাকার দাবি করলেও কোথাও কোথাও গাফিলতির বিষয়ও সামনে আসছে। ভুক্তভোগীরা দ্রুত কার্যকর ব্যবস্থাগ্রহণ এবং নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণই পারে চুরি প্রতিরোধ এবং জনদুর্ভোগ কমাতে। এ সকল বিষয়ে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী আরো দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে সচেতন জনগণ মনে করেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদের সাথে কথা হলে তিনি বলেন, শুধু বৈদ্যুতিক তার চুরি নয়, সকল ধরনের অপরাধের বিষয়ে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা সকল বিষয় গুরুত্বের সাথে দেখি। তবে এক্ষেত্রে পুলিশের পক্ষে একা বিষয়গুলো সমাধান সম্ভব নয়। আমার অনুরোধ থাকবে, সচেতন নাগরিকগণ এ বিষয়ে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়