প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ২০:৫৮
ইন্টারনেট ব্যবসা নিয়ে দু দফা হামলায় ৩ জন রক্তাক্ত জখম।। আটক ২

চাঁদপুরে ইন্টারনেট ব্যবসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, মারধর ও ক্যাবল সংযোগ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। দফায় দফায় হামলার ঘটনায় ৩জন রক্তাক্ত জখম হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী সোহাগ মিজি ও আরাফাত মিজি নামে দুজনকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশে সোপর্দ করেছে।
|আরো খবর
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া লোধেরগাঁও এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার বাকরা এলাকার বাসিন্দা মো. নাজির হোসেন এসএম ইন্টারনেট ক্যাবল নেটওয়ার্ক নামে একটি লাইসেন্সপ্রাপ্ত ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি দীর্ঘদিন ধরে বৈধভাবে তার ব্যবসা পরিচালনা করে আসছেন। একই সঙ্গে তিনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগে বলা হয়, প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তার প্রতিষ্ঠানের অপটিক্যাল ফাইবার ক্যাবল কেটে ক্ষতিসাধন করে আসছিলো। প্রথমে গত ১৬ মার্চ বিকেলে চাঁদপুর সদর উপজেলার মান্দারী চেয়ারম্যান মার্কেট এলাকায় প্রতিষ্ঠানের এক কর্মীর ওপর দফা হামলা চালানো হয়। এতে প্রতিষ্ঠানের মো. আলআমিন (২২) ও মো. শান্ত (২০) নামে দুজন কর্মী গুরুতর আহত হন।
এরপর ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার) সকালে সদর উপজেলার লোধেরগাঁও এলাকায় দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে। এ সময় একা পেয়ে প্রতিষ্ঠানের প্রতিনিধির ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে ফারুক বেপারী (৪২) নামের ব্যক্তি রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হন। তাদের হামলায় তার হাত ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেয় এবং জোরপূর্বক অপটিক্যাল ফাইবার সংযোগ কেটে নিয়ে যায়। পাশাপাশি ভবিষ্যতে ওই এলাকায় কাজ না করার জন্যে হুমকি প্রদান করেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে থানায় অভিযোগ দায়ের করলে এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে পুলিশ সোহাগ ও আরাফাত নামে দুজনকে আটক করে।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।








