প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৭:১৯
হাজীগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

হাজীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় ঘটায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) রামপুর বাজারে চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, রামপুর বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনা হয়। এর মধ্যে মায়ের দোয়া বেকারিকে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাদ্যদ্রব্য তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে তা সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা, জনসেবা ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা এবং পাঠান ফার্মেসীকে একই অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার আদেশ পাওয়ার পর অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করে। একই সাথে তারা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও ভোক্তা অধিকারবিরোধী কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার ব্যক্ত করে।অভিযান পরিচালনাকালে বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার সহযোগিতায় ছিলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস টিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরো জোরদারমূলকভাবে অব্যাহত থাকবে।







