প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৯:১৫
বাগাদীতে মাদক ব্যবসা জমজমাট
হাত বাড়ালেই মাদক

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। হাত বাড়ালেই মাদক পাওয়া যাচ্ছে।
জানা যায়, বাগাদী ইউনিয়নে মাদক ব্যবসা পূর্বের চেয়ে অনেক বেড়ে গেছে। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে সকল ধরনের মাদক। ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। যে যার মতো করে মাদক ব্যবসা করে আসছে। এদের রয়েছে বড়ো ধরনের সিন্ডিকেট। এ সিন্ডিকেটের মাধ্যমে তাদের মাদক বেচাকেনা চলে। এরা প্রভাবশালী হওয়ায় এদের মাদক বিক্রির বিষয়টি সচেতন মহলসহ সকলে জানলেও না জানার ভান করে রয়েছে। এদের বিরুদ্ধে কথা বললে হামলা ও মামলার শিকার হতে হবে। যার ফলে ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি। সরজমিনে গেলে পুরো ইউনিয়নে মাদক বেচাকেনা দেখা যায়। বাগাদী চৌরাস্তা এলাকা, নানুপুর, পশ্চিম সকদী, হাজরা, পশ্চিম সকদী ঘোষ স্কুল এলাকা, চাঁদপুর গ্রাম, মমিনপুর মাদ্রাসার দক্ষিণ পাশে, সোবানপুর, বাগাদী, চরমেয়াশা গ্রামে মাদকের বিস্তার বেশি। এর মধ্যে বাগাদী চৌরাস্তা এলাকায়, পশ্চিম সকদী ৩নং ওয়ার্ডে ও নানুপুর গ্রামে মাদকের ডিলার রয়েছে। এদের কাছ থেকে মাদক কিনে নিয়ে পুরো ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলাসহ চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করতে দেখা যায়। এ সকল ডিলার ও মাদক ব্যবসায়ীরা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মাদক বেচাকেনা করে আসছে। যার ফলে প্রশাসন এদেরকে আইনের আওতায় আনতে পারছে না।
একটি সূত্র জানায়, বাগাদী ইউনিয়নে যে সকল মাদক ব্যবসায়ী রয়েছে, এরা ২০২৪ সালের ৫ আগস্টের আগে ছোটখাট মাদক ব্যবসায়ী ও সেবনকারী ছিলো। এখন তারা একজন পরিপূর্ণ ব্যবসায়ীতে পরিণত হয়ে গেছে। এদের রয়েছে বিভিন্ন সোর্স। সোর্সের মাধ্যমে বিক্রি করে থাকে তাদের মাদক। এভাবে চলতে থাকলে আগামী দিনগুলোতে কিশোর ও যুব সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি মাদকে আসক্ত হয়ে পড়বে।
এ ব্যাপারে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।








