প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১৬:৫০
জেলা জুড়ে চুরির অপরাধ বাড়ছে
অটোভ্যান চুরি করে পালাতে গিয়ে ধরা খেলো চোর

চাঁদপুর সদর উপজেলার মধ্য তরপুরচণ্ডী আখন্দ বাড়ির রাবেয়া কলোনী গেট এলাকা থেকে জুমার নামাজের সময় অটোভ্যান চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) দুপুরে সংঘটিত এ ঘটনায় স্থানীয়দের তৎপরতায় চোরকে হাতেনাতে আটক করা হয়।
|আরো খবর
ভুক্তভোগী অটোভ্যান মালিক মো. সোহেল মোল্লা জানান, জুমার নামাজ আদায় করতে যাওয়ার সময় তার অটোভ্যানটি গেটের সামনে রাখা ছিলো। নামাজশেষে ফিরে এসে তিনি গাড়িটি না পেয়ে আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করেন। এতে রঞ্জিত নামে এক ব্যক্তি অটোভ্যানটি নিয়ে পালিয়ে যাচ্ছে বলে শনাক্ত হয়।
পরবর্তীতে দ্রুত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। সোহেল মোল্লা ও তার সহযোগী আল আমিন মোটরসাইকেল যোগে ধাওয়া করে অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হন। পরে তাকে পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকা থেকে ধরে এনে অ্যাডভোকেট আব্দুল হান্নান কাজীর মাদ্রাসার সামনে নিয়ে আসা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক রঞ্জিতের বাড়ি পুরাণবাজার এলাকায় এবং তিনি তপন দাসের ছেলে। আটক করার পর উত্তেজিত জনতা তাকে কিছুটা মারধর করে এবং পরে পুলিশে খবর দেয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ পৌঁছেনি।
এদিকে, সাম্প্রতিক সময়ে চাঁদপুর জেলাজুড়ে চুরি ও ছিনতাইর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে রাতের বেলায় বাড়ির সামনে থাকা বৈদ্যুতিক তার, ডিশ লাইনের তার, গবাদিপশু ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা বেড়েছে। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বাবুরহাট জেলা পরিষদের পেছনে সাংবাদিক মামুনদের বাড়ির পেছনের টিউবওয়েলটি চোরেরা রাতে পাইপ সহ কেটে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, শহরের অনেক এলাকায় সোলার স্ট্রিট লাইট নষ্ট হয়ে পড়ে আছে এবং বিদ্যুৎ ব্যবস্থার দুর্বলতা চোরদের জন্যে অনুকূল পরিবেশ তৈরি করছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পৌর কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ডিসিকে /এমজেডএইচ








