শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০১:৩০

জিও ব্যাগ লুটের হিড়িক।। তীর রক্ষা প্রকল্প ঝুঁকিতে

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
জিও ব্যাগ লুটের হিড়িক।। তীর রক্ষা প্রকল্প ঝুঁকিতে
ক্যাপশন : মতলব উত্তর উপজেলার এখলাসপুর লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীর তীর রক্ষা প্রকল্পের জিও ব্যাগ লুটের চিত্র।

মতলব উত্তর উপজেলার এখলাসপুর লঞ্চঘাট এলাকার দক্ষিণ পাশে মেঘনা নদীর তীর রক্ষায় স্থাপিত জিও ব্যাগ (বালুভর্তি বড়ো আকারের বস্তা) লুটের ঘটনায় পুরো প্রকল্পটি এখন হুমকির মুখে পড়েছে। স্থানীয় দুর্বৃত্তরা এসব জিও ব্যাগ কেটে ভেতরের বালু ফেলে দিয়ে খালি বস্তা নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, স্থানীয়রা নদীর তীরে ফেলা জিও ব্যাগ কেটে বালু বের করে খালি বস্তা সংগ্রহ করছে। এতে নদীভাঙ্গন প্রতিরোধে গৃহীত গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে তাদের বাড়ির আঙ্গিনায় পানি জমে যায়। সেই পানি প্রতিরোধে ব্যবহার করার জন্যে তারা এসব বস্তা নিয়ে যাচ্ছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে জিও ব্যাগগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় তারা তা কাজে লাগাচ্ছে।

তবে সচেতন মহল বলছে, এভাবে জিও ব্যাগ সরিয়ে নেয়া হলে নদীর তীর রক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হবে। বিশেষ করে আসন্ন বর্ষা মৌসুমে নদীভাঙনের ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পেতে পারে, যা পুরো এলাকার জন্যে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে।

এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে বিষয়টি জানিয়েছেন। তিনি দ্রুত ঘটনাস্থলে যাচ্ছেন এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সেলিম সাহেদ জানান, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে জন্য নজরদারি জোরদার করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র : এনটিভি।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়