প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১৬:২০
সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা-বাবাকে ঘরছাড়া করলো ছেলেরা

ছেলেদের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় লক্ষ্মীপুরের রামগঞ্জে তিন ছেলের ঘরে ঠাঁই হয়নি শতবর্ষী বৃদ্ধ মা-বাবার। গত তিন দিন ধরে একটু আশ্রয়ের আশায় এই দরজার থেকে ওই দরজায় ঘুরছেন এই অসহায় দম্পতি। রাত কাটছে ছেলেদের ঘরের বাইরের বৈঠকখানায়, আর আহার জুটছে খেয়ে না খেয়ে।
|আরো খবর
হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের দক্ষিণ হানুবাইশ গ্রামের হাজী বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ির বৃদ্ধ আতর মিয়া (১১৫) ও শামসুন্নাহার (৯০) দম্পতির তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ে হয়ে গেছে এবং তিন ছেলেই নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত। অভিযোগ উঠেছে, গত এক বছর ধরে তিন ছেলে—ইব্রাহিম (৫০), রহিম (৪৫) ও তছলিম (৪১) সম্পত্তি লিখে দেওয়ার জন্যে মা-বাবার ওপর চাপ সৃষ্টি আসছিলেন। তাতে রাজি না হওয়ায় মা-বাবাকে ঘর থেকে বের করে দেওয়া হয়।
উপায় না পেয়ে বৃদ্ধ দম্পতি তখন বড় মেয়ে লাকি বেগমের (৫৫) বাড়িতে আশ্রয় নেন। সেখানে ৮ মাস থাকার পর গত ২৩ আগস্ট (রবিবার) নিজ বাড়িতে ফিরে এলে ছেলেরা তাদের আর ঘরে ঢুকতে দেননি।
ঘটনার সত্যতা স্বীকার করে বড় ছেলে মোহাম্মদ ইব্রাহিম মিয়া বলেন, "আমরা মা-বাবার কাছ থেকে কোনো সহায়তা পাইনি। তাঁরা সবসময় মেয়েদেরই সাহায্য করেছেন। তাই সম্পত্তি আমাদের নামে লিখে দিতে বলেছিলাম। সম্পত্তি লিখে না দিলে আমরা ঘরে জায়গা দেবো না।"
এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। খোঁজখবর নিয়ে দ্রুত আইনগত ও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।







