প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৩:০৭
রামগঞ্জে নিজস্ব উদ্যোগে ৩ রাস্তা সংস্কার করে প্রশংসায় জামায়াত নেতা

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে এলাকার ৩টি গ্রামীণ সড়ক সংস্কার করে সর্বসাধারণের প্রশংসায় ভাসছেন স্থানীয় জামায়াত নেতা মো. জহিরুল ইসলাম রুবেল। তিনি রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সমেষপুর এলাকা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা গেছে, সমেষপুর এলাকার ৩টি কাঁচা ও কর্দমাক্ত রাস্তা দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী অবস্থায় পড়ে ছিলো। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দাসহ স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের। এলাকাবাসীর চলাচলের এ দুর্ভোগ লাঘব করতেই তিনি নিজ উদ্যোগে রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ নেন।
এ বিষয়ে মো. জহিরুল ইসলাম রুবেল পাটোয়ারী বলেন, “আমাদের এলাকা নিয়ে আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সমেষপুরে কোনো ভাঙাচোরা রাস্তা কিংবা খানাখন্দ থাকবে না। এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থা ও সামাজিক উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
উদ্যোগটিকে সাধুবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর রামগঞ্জ উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ এমরান হোসেন বলেন, “রুবেল ভাইয়ের জনকল্যাণমূলক এই কাজ অবশ্যই প্রশংসার দাবিদার। আশা করি তিনি ভবিষ্যতে এলাকা ও মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবেন।”
এলাকাবাসী জানান, এর আগে স্থানীয়ভাবে কেউ এমন উদ্যোগ নেননি। নিজস্ব খরচে চলাচলের কষ্ট দূর করায় তারা রুবেল পাটোয়ারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।








