প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২২
কচুয়ায় নারিকেল গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

কচুয়া উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সড়কের পাশে নারিকেল গাছ থেকে এরশাদ উল্লাহ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শ্রীরামপুর গ্রামের সড়কের পাশের হাজী বাড়ি সংলগ্ন একটি নারিকেল গাছ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত এরশাদ উল্লাহ কচুয়া সদর ইউনিয়নের বদরপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মো. শহীদ উল্লাহর ছেলে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।
নিহতের স্ত্রী আয়েশা বেগম জানান, তাঁর স্বামী আগে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দু বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। এরপর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসাও করানো হয়েছে। বুধবার তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
নিহতের ছেলে রেজাউল করিম জানান, মানসিক ভারসাম্যহীনতার কারণে তার বাবা কিছুদিন পরপরই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং প্রায়ই তাকে খুঁজে আনতে হতো।
স্থানীয় ইউপি সদস্য ওবায়েদ মুন্সি জানান, এরশাদ উল্লাহ কৃষিকাজ ও অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। কিন্তু সড়ক দুর্ঘটনার পর থেকে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল বাড়ি থেকে বের হয়ে আর না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি করছিলেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা নারিকেল গাছে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








