প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২
আশিক চৌধুরীর গ্রামের বাড়ির প্রাকৃতিক পরিবেশে মুগ্ধ এমপি মানিক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নবগঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর প্রধান আশিক চৌধুরীর গ্রামের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। শনিবার মতলব উত্তরের মেঘনা সরোবর এলাকায় আশিক চৌধুরীর বাসভবনে তিনি এ সফর করেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, আশিক চৌধুরীর গ্রামের বাড়ির মনোমুগ্ধকর ও ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশ এবং তাদের আন্তরিক আতিথেয়তা তাকে গভীরভাবে মুগ্ধ করেছে। সবুজে ঘেরা স্নিগ্ধ পরিবেশে কিছু সুন্দর সময় কাটানো অত্যন্ত আনন্দের ছিলো বলে তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে আশিক চৌধুরীর সাথে চাঁদপুরের সার্বিক উন্নয়ন সম্ভাবনা, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। সংসদ সদস্য শেখ মানিক আশা প্রকাশ করেন, চাঁদপুরের সমৃদ্ধি ও অগ্রযাত্রাকে আরও বেগবান করতে এ ধরনের আলোচনা ইতিবাচক ভূমিকা রাখবে।
উষ্ণ আতিথেয়তার জন্য আশিক চৌধুরী ও তাঁর পরিবারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি এবং তাঁদের সার্বিক কল্যাণ ও সাফল্য কামনা করেন।








