প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৮:৩৮
নজরুল বর্ষ উপলক্ষে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সাহিত্য সংসদের সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা

নজরুল বর্ষ উপলক্ষে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) কলেজ মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক সম্রাট খীসা।
|আরো খবর
সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ ফরিদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। আলোচনায় অংশ নেন কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ।
সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক আবৃত্তিকার আসাদুল ইসলাম শ্রাবণ ও ফুয়াদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সম্রাট খীসা বলেন, আমাদের প্রতিবাদের ভাষা শিখিয়েছেন কাজী নজরুল ইসলাম। মাদক, বাল্যবিয়ে, ইভটিজিংসহ সকল অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের দায়িত্ব পালনের জন্যে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নজরুলকে অনুসরণ করলে জাতি হিসেবে আমরা সমৃদ্ধ হবো। জাতীয় কবিদের পাশাপাশি স্থানীয় কবি-লেখকদের চর্চা ছড়িয়ে দেয়ার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
নজরুলের কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ এবং নজরুলসংগীত ও গজল প্রতিযোগিতায় বিজয়ী হন কলেজের শিক্ষার্থী নাজিফা ফাওজিয়া, আবদুর রহমান তালহা, মারিয়াম সানিয়াত, উচওয়াতুন নাবিহা ফাইরুজ, তামজিদ হাসান, মুমতাহিনা আফরিন ও জিহাদ হোসেন। প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শিক্ষার্থীদের মাঝে নজরুলের সংক্ষিপ্ত পরিচিতিও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সাবেক উপ-পরিচালক খালেদ সাইফুল্লাহ, চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারী, সাহিত্য সংসদের বিশেষ সম্পাদক রিয়াজুল ইসলাম জাকির, দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন, নির্বাহী সদস্য ফাহাদ হোসেন নাঈম ও আরাফাত হোসেন বাহার। কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।







