বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩

বাজারটির প্রসিদ্ধি রক্ষায় এগিয়ে আসুন

অনলাইন ডেস্ক
বাজারটির প্রসিদ্ধি রক্ষায় এগিয়ে আসুন

‘অব্যবস্থাপনায় আকীর্ণ চান্দ্রাবাজার : এক যুগ ধরে নেই কমিটি ॥ ফুটপাত দখলে ॥ নেই পাহারাদার’ শিরোনামে সোহাঈদ খান জিয়া ও প্রবীর চক্রবর্তী একটি সংবাদ চাঁদপুর কণ্ঠে পরিবেশন করেছেন, যেটি সোমবার অন্যতম শীর্ষ সংবাদ হিসেবে পরিবেশিত হয়। সংবাদটিতে লিখা হয়েছে, ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চান্দ্রা বাজার দিন দিন ঐতিহ্য হারানোসহ নানা সমস্যার মধ্যে চলে আসছে। জানা যায়, এক যুগের উপরে বাজার কমিটি নেই। নেই বাজার পাহারাদার। ফুটপাত দখল করে আছে ব্যবসায়ীরা।

ফুটপাতের কারণে চলাচল করতে কষ্টকর হয়ে পড়েছে। ফুটপাত দখল করার কারণে বাজারের ভেতরের ব্যবসায়ীদের মালামাল নিয়ে গাড়ি ভেতরে প্রবশ করতে পারে না। বাজারের বাইরে গাড়ি থেকে মালামাল নামিয়ে অতিরিক্ত খরচে লেবার দিয়ে দোকানে মালামাল আনতে হয়। বাজারের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফুটপাতের কারণে ভেতরে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করার সুযোগ নেই। যার ফলে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এতে করে নিঃস্ব হয়ে যাবে ব্যবসায়ীরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে বাজারটিতে সরজমিনে গিয়ে দেখা যায়, পুরো বাজারের সব ক’টি গলির ফুটপাত দখলে রয়েছে। বাজারে আগত ক্রেতারা চলাচল করাটা কষ্টকর হয়ে পড়েছে। ক্রেতারা মালামাল ক্রয় করে লেবার দিয়ে নিয়ে ব্যাটারিচালিত অটোবাইক, রিকশা ও সিএনজি অটোরিকশা করে যেতে দেখা যায়। ফুটপাতের কারণে ভেতরে গাড়ি প্রবেশ করতে না পারায় ক্রেতা ও বিক্রেতারা বেকায়দায় পড়তে হচ্ছে। এসব ফুটপাতে দোকান বসিয়ে বাজার ইজারাদার হাতিয়ে নেয় হাজার হাজার টাকা। এ ব্যাপারে বাজারে আগত নারী ক্রেতা আমেনা, খাদিজা জানান, ফুটপাতের কারণে গাড়ি বাজারের ভেতরে আসতে না পারায় মালামাল নিয়ে ক্রেতারা পড়েন বিপাকে। নাম প্রকাশে অনিচ্ছুক, বাজারের ক’জন ব্যবসায়ী বলেন, বাজার ইজারাদার ফুটপাতে দোকান বসিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। ফুটপাতের কারণে বাজারের ভেতরে গাড়ি প্রবেশ করতে পারে না। এতে ক্রেতা-বিক্রেতা উভয়ই আছেন বিপাকে। অব্যবস্থাপনার কারণে আগের চেয়ে বাজারে ক্রেতা অনেক কমে গেছে। ব্যবসায়ীরা বলেন, বাজারে পাহারাদার না থাকার কারণে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে চিন্তিত থাকি কখন আবার চুরি ও ডাকাতি হয়ে যায়। ইতোমধ্যে এ বাজারে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। এক যুগের বেশি সময় ধরে বাজার কমিটি নেই। বাজারের নিরাপত্তা ও ফুটপাত দখলমুক্ত করার জন্যে প্রশাসনের দৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, বাজারের সমস্যার বিষয়টি যখন জানতে পেরেছি, তখন বাজারের সকল সমস্যা সমাধানের জন্যে চেষ্টা করবো।

জনাব সেটু কুমার বড়ুয়ার পূর্বসূরি ইউএনও সুলতানা রাজিয়া চান্দ্রা বাজারের সমস্যা ও অব্যবস্থাপনা দূরীকরণের বিষয়ে চাঁদপুর কণ্ঠকে কথা দিয়েছিলেন, কিন্তু তিনি সে কথা তাঁর বদলির কারণে রক্ষা করতে পারেন নি। বর্তমান ইউএনও তাঁর কথা রাখতে গিয়ে কী পদক্ষেপ নেন, সেটি দেখার বিষয়। আমরা এক যুগের বেশি সময় ধরে বাজার কমিটি না থাকার ব্যাপারে উপজেলা প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকায় বিস্ময় প্রকাশ করছি। বাজার ইজারা দিয়েই কি উপজেলা প্রশাসনের দায়িত্ব শেষ? বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনায় কোনো ভূমিকা রাখার ফুরসতই কি নেই?

চান্দ্রাবাজার শুধু ফরিদগঞ্জ উপজেলা পর্যায়ে নয়, চাঁদপুর জেলার অন্যতম প্রসিদ্ধ বাজার হিসেবে বলা যায় ব্রিটিশ আমল থেকেই সুপরিচিত। এ বাজারকে ঘিরে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানগুলোও অনেক বিখ্যাত। কাকতালীয় বিষয় হচ্ছে, এসব প্রতিষ্ঠানের সুখ্যাতি যেমন কমেছে, তেমনি বাজারের প্রসিদ্ধিও কমেছে। আমরা এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল এবং সুধী-সজ্জনদের কম-বেশি ভূমিকা রাখার আহ্বান জানাই। তাঁরা ভূমিকা রাখলেই উপজেলা প্রশাসন নিষ্ক্রিয় থাকতে পারবে না। আমরা চান্দ্রাবাজারে ব্যবসায়ীদের কমিটি গঠন, ফুটপাত দখলমুক্তকরণ ও নৈশকালীন পাহারাদার নিয়োগসহ আনুষঙ্গিক সকল ব্যবস্থাগ্রহণের মাধ্যমে বাজারটির প্রসিদ্ধি রক্ষায় সংশ্লিষ্ট সকলকে কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়