শনিবার, ২৭ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১৬:৩৪

জেলা ও বিভাগে প্রথম, জাতীয় পর্যায়ে দ্বিতীয় সামিরা

আল আমিন হোসাইন
জেলা ও বিভাগে প্রথম, জাতীয় পর্যায়ে দ্বিতীয় সামিরা

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন চাঁদপুরের সামিরা মেহনাজ নুসরাত। জেলা ও চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পান সামিরা মেহনাজ নুসরাত। জাতীয় পর্যায়ে এই সাফল্যের জন্যে চাঁসক নাট্যমঞ্চের সদস্য, শিক্ষক, সহপাঠীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সামিরা মেহনাজ নুসরাতকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (২৬ জুন ২০২৬) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হাত থেকে পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন সামিরা মেহনাজ নুসরাত।

চাঁদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাত চাঁদপুর শহরের নাজিরপাড়ার বাসিন্দা। তার বাবা জি এম শাহজাহান আহমেদ এবং মা মোসা. মোবাশ্বেরা আক্তার। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন চাঁসক নাট্যমঞ্চের সদস্য হিসেবেও যুক্ত আছেন সামিরা মেহনাজ নুসরাত।

মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা অংশ নেন। প্রথম ধাপে চাঁদপুর জেলা পর্যায়ে প্রথম হন সামিরা মেহনাজ নুসরাত। পরে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পান। জাতীয় পর্যায়ে দেশের সেরা প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি।

এটি সামিরা মেহনাজ নুসরাতের প্রথম বড়ো অর্জন নয়। জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ইতোমধ্যে বহুমাত্রিক প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ জেলা ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন সামিরা মেহনাজ নুসরাত। সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিজ্ঞান বিভাগে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মেধাবীর স্বীকৃতি পান।

বাংলা ভাষা ও সাহিত্যচর্চায়ও রয়েছে সমান সাফল্য। জাতীয় শিক্ষা সপ্তাহের বাংলা রচনা, বাংলা কবিতা আবৃত্তি এবং নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে ধারাবাহিকভাবে জেলা ও উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন সামিরা মেহনাজ নুসরাত।

বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী হিসেবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপনা প্রতিযোগিতায় ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে জেলা ও উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সামিরা। বিজ্ঞান অলিম্পিয়াডেও ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে ধারাবাহিকভাবে জেলা ও উপজেলা পর্যায়ে বিজয়ী হন। ২০২৪ সালে চ্যানেল আই আয়োজিত বাংলাবিদ প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চলের অন্যতম সেরা বাংলাবিদ নির্বাচিত হন। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায়ও ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে জেলা ও উপজেলা পর্যায়ে বিজয়ী হন।

জাতীয় পর্যায়ের অর্জন নিয়ে জানতে চাইলে সামিরা মেহনাজ নুসরাত চাঁদপুর কণ্ঠকে বলেন, জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করা আমার জীবনের অন্যতম গর্বের অর্জন। দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী প্রতিযোগীদের মধ্যে নিজের জায়গা করে নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এই সাফল্য আমাকে ভবিষ্যতে আরও বড়ো লক্ষ্য অর্জনের জন্যে অনুপ্রাণিত করবে। বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণের মুহূর্তটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি।

'এই সাফল্যের পেছনে কার অবদান সবচেয়ে বেশি' এমন প্রশ্নের জবাবে সামিরা মেহনাজ নুসরাত বলেন, এই অর্জনের পেছনে সর্বপ্রথম মহান আল্লাহর অশেষ রহমত রয়েছে। এরপর আমার বাবা ও মায়ের ভালোবাসা, ত্যাগ ও নিরন্তর উৎসাহ আমাকে সবসময় সামনে এগিয়ে যেতে সাহস দিয়েছে। পাশাপাশি আমার শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা, চাঁদপুর সরকারি কলেজের সহযোগিতা এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও অনুপ্রেরণা আমার এই সাফল্যের গুরুত্বপূর্ণ ভিত্তি।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সামিরা মেহনাজ নুসরাত বলেন, ভবিষ্যতে একজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে দেশের কল্যাণে কাজ করতে চাই। লেখালেখি, গবেষণা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের উপকারে আসার ইচ্ছা রয়েছে। আমি চাই, আমার শিক্ষা ও মেধাকে দেশের উন্নয়ন এবং তরুণ সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজে লাগাতে।

অন্য শিক্ষার্থীদের উদ্দেশে সামিরা মেহনাজ নুসরাত বলেন, নিজের ওপর বিশ্বাস রাখুন, নিয়মিত অধ্যবসায় করুন এবং সময়ের মূল্য দিন। শুধু পরীক্ষার ফল নয়, সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণ করুন। ব্যর্থতাকে ভয় না পেয়ে প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস থাকলে সাফল্য একদিন অবশ্যই ধরা দেবে। পাশাপাশি মাদক, অপরাধ ও সব ধরনের নেতিবাচক কাজ থেকে দূরে থেকে নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়