রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬

গ্রাহকের ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

যুবধারা’ সমবায় সমিতির চেয়ারম্যান জুলহাস গ্রেপ্তার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
যুবধারা’ সমবায় সমিতির চেয়ারম্যান জুলহাস গ্রেপ্তার

চাঁদপুরে গ্রাহকদের প্রায় শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ‘যুবধারা সমবায় সমিতি’র চেয়ারম্যান জুলহাস মিয়াকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) তাকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে হাজীগঞ্জের বাকিলা বাজার এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবির হোসেনের নেতৃত্বে একটি দল বাকিলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

মামলার বিবরণে জানা যায়, গ্রাহকদের বিপুল অংকের অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদ আরিফুল ইসলাম নামে এক ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে সেই প্রতারণাঅর্থ আত্মসাতের মামলায় জুলহাস মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

গ্রেপ্তারকৃত জুলহাস মিয়া হাজীগঞ্জের ২ নম্বর বাকিলা ইউনিয়নের আবুল বাশারের ছেলে। তিনি ‘যুবধারা সমবায় সমিতি’র মাধ্যমে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট, বাকিলা ও হাজীগঞ্জে শাখা অফিস খুলে বিপুলসংখ্যক গ্রাহকের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এসআই আবির হোসেন জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আসামি জুলহাসকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে বহু আলোচিত এই প্রতারক গ্রেপ্তার হওয়ার খবরে ভুক্তভোগী গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ভুক্তভোগীদের মধ্যে যারা এখনো টাকা পাননি কিংবা প্রতারণার শিকার হয়েছেন, তাদেরকেও প্রচলিত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাজীগঞ্জ থানার সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে সচেতন মহল।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়