প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৬:১৫
শ্রীনগরে শিক্ষকের বেত্রাঘাতে দশম শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত, অভিভাবকদের বিক্ষোভ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার জানাবাদ এলাকার একটি ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের বেত্রাঘাতে দশম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।
|আরো খবর
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারায় সংশ্লিষ্ট শিক্ষক ওই শিক্ষার্থীকে বেত দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষার্থী গুরুতর আহত হয়।
ঘটনার খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসেন। এ সময় অভিযুক্ত শিক্ষক পরিস্থিতি বেগতিক দেখে বিদ্যালয় থেকে বের হয়ে পালিয়ে যান। অভিভাবকরা তাকে ধাওয়া করলেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
পরে ক্ষুব্ধ অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়কে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাস্থলে এসে অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
প্রধান শিক্ষকের আশ্বাসে বিক্ষুব্ধ অভিভাবকরা শান্ত হন এবং বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিজ নিজ বাড়িতে ফিরে যান।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।








