প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫
বসন্তে রাঙা চোখ

চোখ অনেকেই রাঙায়। শাসন করতে গেলে মা-বাবা ও শিক্ষক চোখ রাঙান। চোখ রাঙানি নিয়ে একটা বিজ্ঞ বচন মনে পড়ে যায়। নূতন শিক্ষক শারীরিক শাস্তি দিয়ে শাসন করেন। মাঝবয়সী শিক্ষক বকা দিয়ে শাসন করেন। আর পরিণত শিক্ষক চোখ রাঙালেই দুষ্টু ছাত্রছাত্রী ঠাণ্ডা। কেউ কাউকে শাঁসালে আমরা শুনি আক্রান্ত ব্যক্তি বলেন, আমাকে চোখ রাঙিয়ে কথা বলবে না, চোখ নামিয়ে কথা বলো। অনেকের মতো বসন্তও আমাদের চোখ রাঙিয়ে যায়। শীত শেষে বসন্ত আসার কালে আমাদের চোখ লাল বা গোলাপি হতে পারে। অর্থাৎ চোখ রাঙা হতে পারে। এই চোখ নানা কারণে রাঙা হয়।
কোনো কারণে চোখের উপরিতলে কোনো রক্তনালী ফুলে গেলে বা স্ফীত হলে আমাদের চোখ রাঙা হয়। এই রাঙা চোখ হতে পারে প্রদাহে, পরিবেশের বিবিধ ধোঁয়ায়, পুষ্পরেণুর এলার্জিতে, ভাইরাস ও অন্যান্য জীবাণুর সংক্রমণে, ঋতু পরিবর্তনের ধকলে, চোখে গ্লুকোমা হলে, চোখে লাগানো কৃত্রিম লেন্সের অসহনীয়তায় ইত্যাদি। এছাড়া রাত্রি জাগরণ বা অনিদ্রা, উচ্চ রক্তচাপ এবং অ্যালকোহলজাতীয় মাদক গ্রহণেও চোখ রক্তজবার মতো রাঙা হতে পারে। চোখে রক্তক্ষরণ হওয়া, আঘাত পাওয়া ইত্যাদি কারণে চোখ লাল হয়ে যেতে পারে। কখনও একটা আর কখনও উভয় চোখ রাঙা হতে পারে। সাধারণত রাঙা চোখে তেমন জটিলতা ছাড়াই দিন সাতেক পরে উপশম হয়।
রাঙা চোখের নানা রোগ
১. কনজাংটিভাইটিস বা কনজাংটিভার প্রদাহ, যা ব্যাক্টেরিয়া, ভাইরাস ও এলার্জির কারণে হয়
২. চোখের পাতার প্রদাহ ও জীবাণু সংক্রমণ
৩. আইরিসের প্রদাহ
৪. কর্নিয়ার আলসার
৫. গ্লুকোমা
জীবন-যাপনের ত্রুটিতে রাঙা চোখ
১. বেশিক্ষণ টিভি দেখা, কম্পিটার ও মোবাইল আসক্তির কারণে চোখের শুষ্কতা
২. ধূমপান ও অ্যালকোহল সেবন
৩. ক্লোরিন বাষ্পের সংস্পর্শে আসা
৪. ধোঁয়া বা ধূলির সংস্পর্শে আসা
৫. পুষ্পরেণু ও পোষা প্রাণীর ত্বকীয় বর্জ্যের সংস্পর্শে আসা
৬. চোখে বালি কিংবা অন্য বাহ্যিক বস্তু আপতিত হওয়া
৭. কর্নিয়ায় আঁচড় লাগা, চোখে আঘাত লাগা
৮. অতিরিক্ত কাশি ও কোষ্ঠকাঠিন্যের চাপ তৈরি হওয়া
৯. কন্টাক্ট লেন্সের অতি ব্যবহার ও অসংগত ব্যবহারজনিত অসহনশীলতা
১০. অধিক রাত্রি জাগরণ ও অনিদ্রা
রাঙা চোখের লক্ষণ
১. চোখে ব্যথা হওয়া
২. চোখ চুলকানি
৩. চোখে হতে কেতুর ও অনাবশ্যক অশ্রু নির্গমন
৪. চোখের স্ফীতি
৫. দৃষ্টি ঝাপসা হওয়া
রাঙা চোখের প্রতিকার
১. আক্রান্ত চোখের বিশ্রাম
২. চোখে রোদ চশমা ব্যবহার যাতে রোদের তীব্রতায় ক্ষতি না হয়
৩. হাল্কাভাবে চোখ মথাই করা
৪. চোখে প্রবহমান ঠান্ডা পানির ঝাপটা দেওয়া
৫. উপযুক্ত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিভাইরাল আই ড্রপ দেওয়া
৬. ক্ষেত্র বিশেষে চোখে অয়েন্টমেন্ট প্রয়োগ
রাঙা চোখ প্রতিরোধের পন্থা
১. হাতে বা আঙুল দিয়ে চোখ না কচলানো
২. চোখের কৃত্রিম লেন্স পরিষ্কার রাখা
৩. দিনান্তে চোখের মেকআপ ভালোভাবে পরিষ্কার করা
৪. দীর্ঘক্ষণ কম্পিউটার স্ক্রীন ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালানো হতে বিরত থাকা
৫. পোষা প্রাণীর ত্বকীয় বর্জ্য বিষয়ে সচেতন থাকা
৬. যেখানে ধোঁয়া ও ধূলাবালি বেশি সেখানে রোদচশমা ব্যবহার করা
৭. ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে আর্দ্রতারোধক ব্যবহার করা
৮. হাত নিয়মিত হ্যান্ডওয়াশ দিয়ে পরিষ্কার রাখা যাতে চোখে হাত গেলেও তা রাঙা চোখের কারণ না হয়
৯. চোখের শুষ্কতায় চিকিৎসকের শরণাপন্ন হওয়া
১০. অতিরিক্ত কাশি ও কোষ্ঠকাঠিন্যের প্রতিকার করা








