বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৪:১৪

চারদিনব্যাপী নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদ্বোধন

শিশুদের মধ্যে নজরুলচর্চা ছড়িয়ে দিতে কাজ করছে সরকার

...... প্রধানমন্ত্রী তারেক রহমান

কবির হোসেন মিজি
শিশুদের মধ্যে নজরুলচর্চা ছড়িয়ে দিতে কাজ করছে সরকার

দেশব্যাপী একযোগে চারদিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ৬৪ জেলা ও ৭৪টি উপজেলায় একযোগে এ উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ, সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। আমরা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নজরুলচর্চার পরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণ করবো, যাতে শিশুরা ছোটবেলা থেকেই নজরুলের জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে জানতে এবং চর্চা করতে পারে।

তিনি আরও বলেন, শিশু থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে নজরুলচর্চা বিস্তৃত করতে সংস্কৃতি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদ্রোহ, মানবতা ও সাম্যের প্রতীক কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনার অন্যতম ভিত্তি। এ সময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নজরুল বর্ষের আনুষ্ঠানিক লোগো উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্যবাদী দর্শন এবং মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। চাঁদপুরে আগামী চারদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শনকে নতুনভাবে তুলে ধরা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান, সিভিল সার্জন ডা. নূর আলম দ্বীন, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

এদিকে, নজরুল বর্ষ উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ২০২৫-২০২৬ অর্থবছরে চাঁদপুর জেলার ৯৩ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ৩৯টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে মোট ৩৫ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়