বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ২২:৩১

নজরুল বর্ষের কর্মসূচিতে ২৪ অক্টোবর অনন্যার নাটক ‘রাক্ষুসী’

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
নজরুল বর্ষের কর্মসূচিতে ২৪ অক্টোবর অনন্যার নাটক ‘রাক্ষুসী’

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ (২০২৬-২০২৭) উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে অনন্যা নাট্যগোষ্ঠী, চাঁদপুরের পরিবেশনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ছোটগল্প অবলম্বনে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘রাক্ষুসী’।

আগামী ২৪ অক্টোবর শনিবার  সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটির ৪০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। প্রদর্শনীটি সফল করতে অনন্যা নাট্যগোষ্ঠীর শিল্পীরা বর্তমানে পুরোদমে মহড়া চালিয়ে যাচ্ছেন।

কাজী নজরুল ইসলামের ‘রাক্ষুসী’ ছোটগল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন দেশের প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা প্রয়াত মমতাজউদদীন আহমদ। নাটকটির নির্দেশনায় রয়েছেন শহীদ পাটোয়ারী।

নাটকের মূল উপজীব্য : ‘রাক্ষুসী’ নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘বিন্দি’। স্বামী ও সন্তানদের নিয়ে সাধারণ অথচ সুন্দর এক সংসারের স্বপ্ন দেখে সে। কঠোর পরিশ্রম করে সংসারটি আগলে রাখার আপ্রাণ চেষ্টা করলেও, স্বামীর মদ্যপান ও অন্য এক নারীর প্রতি আসক্তি তার সাজানো জীবনে চরম অশান্তি ডেকে আনে। এক পর্যায়ে স্বামীকে হত্যার দায়ে বিন্দির কারাদণ্ড হয়। দীর্ঘদিন পর কারামুক্ত হয়ে নিজ এলাকায় ফিরে এলেও আগের সেই বিন্দির অস্তিত্ব আর অবশিষ্ট থাকে না—সমাজের চোখে সে তখন শুধুই এক ‘রাক্ষুসী’।

একজন সাধারণ বাঙালি নারীর স্বপ্ন, সংগ্রাম, স্বপ্নভঙ্গ এবং সমাজের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবিই এই ‘রাক্ষুসী’। মূল গল্পের পরিসরকে দৃশ্যকাব্যে বিস্তৃত করে নাটকটিতে বিন্দির জীবনসংগ্রাম ও তার চারপাশের মানুষের নানামুখী ক্রিয়া-প্রতিক্রিয়াকে ফুটিয়ে তোলা হয়েছে।

উল্লেখ্য, এটি অনন্যা নাট্যগোষ্ঠীর ৩৫তম প্রযোজনা। এর আগে চট্টগ্রাম ও কুমিল্লায় অনুষ্ঠিত জাতীয় নজরুল জয়ন্তী উৎসবে নাটকটি সফলভাবে মঞ্চায়িত হয়েছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অনন্যা নাট্যগোষ্ঠীর সদস্য— ফারজানা আক্তার, মোহাম্মদ আলমগীর, আবির হোসেন, শরীফুল ইসলাম, রুনা আক্তার আশা, আলিফ, মহিমা আক্তার, প্রান্তিক দাস, মো. হানিফ, জসিম মেহেদী, সাবিত্রী রানী ঘোষ, চন্দন সরকার, শহীদ পাটোয়ারী, মানিক দাস, হেলাল সুখ, হৃদয় কর্মকার, জিহাদ, সীমা ইসলাম, আখলাকুল ইসলাম লাকু, দীপক ভট্টাচার্য, দুলাল সরকার, ফাতেমাতুজ জোহরা, ফারিয়া, জয়রাম রায়, কামরুল ইসলাম প্রমুখ।

মঞ্চায়নটি সফল ও সার্থক করতে অনন্যা নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়