বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৭:১০

হাজীগঞ্জে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মরদেহ উদ্ধার

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মরদেহ উদ্ধার
হাজীগঞ্জে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনা তদন্তে পিবিআই ও থানা পুলিশ। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জে পৃথক ঘটনায় একদিনে দুটি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) জাকিয়া সুলতানা (২৫) নামের এক গৃহবধূর মরদেহ তার স্বামীর বসতঘর থেকে এবং একটি পরিত্যক্ত মুরগির খামার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দু সন্তানের জননী জাকিয়া সুলতানা হাজীগঞ্জের কংগাইশ এলাকার গুড় বেপারী বাড়ির (মিঠাই বাড়ি) শাহাদাত হোসেনের স্ত্রী। তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার উত্তর ঘোষপাড়া নোয়া বাড়ির জাফর ইকবালের মেয়ে।

জাকিয়া সুলতানার চাচা জামশেদ আলম জানান, প্রায় ৮ থেকে ৯ বছর আগে পারিবারিকভাবে জাকিয়ার বিয়ে হয়। গত দু-তিন বছর ধরে তার স্বামী শাহাদাত হোসেন মাদকাসক্ত হয়ে পড়েন এবং জাকিয়াকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এ নিয়ে কয়েক মাস আগে শালিসি বৈঠকও হয়েছিল। তিনি বলেন, “আমরা তাকে এ বাড়িতে দিতে চাইনি, কিন্তু দুই শিশু সন্তানের কথা ভেবে জাকিয়া সংসার চালিয়ে গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।” ঘটনার পর থেকেই জাকিয়ার স্বামী পলাতক রয়েছেন।

অপরদিকে, হাজীগঞ্জ সদর ইউনিয়নের মাতৈন গ্রামের পাটওয়ারী বাড়ির নজরুল ইসলামের পরিত্যক্ত মুরগির খামারে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শাওন হোসেন নামের এক যুবক। তিনি বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের নাছির সর্দার বাড়ির বিল্লাল হোসেনের ছেলে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, নিহত শাওনের বিরুদ্ধে আগে থেকেই ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, পৃথক ঘটনায় উদ্ধার হওয়া দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা দায়েরসহ তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়