মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২১:৩৯

ফরিদগঞ্জ মুক্ত দিবস বুধবার

প্রবীর চক্রবর্তী।।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) ফরিদগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনী ও তাদের সহযোগীরা বীর মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। এর মধ্য দিয়ে চাঁদপুর জেলার প্রথম উপজেলা হিসেবে শত্রুমুক্ত হয় ফরিদগঞ্জ।

স্থানীয় মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রতিরোধের মুখে হানাদার বাহিনী উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পড়ে। সেখান থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকবাহিনী সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পিছু হটে। এ সময় পাকবাহিনীর গুলিতে কয়েকজন সাধারণ মানুষ প্রাণ হারান।

এদিকে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র মানুষের স্মরণে ১৯৯৫ সালে ফরিদগঞ্জ উপজেলা সদরে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন মুক্তিযুদ্ধের প্রয়াত ৮ নম্বর সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী। প্রতি বছর এ দিনে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী বলেন, ১৯৭১ সালের ২৫ নভেম্বর ফরিদগঞ্জকে পাকহানাদার মুক্ত করা হয়েছিল, যা তাঁদের কাছে বিশেষ তাৎপর্য ও গুরুত্ব বহন করে। দিবসটি পালন উপলক্ষে বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে র‍্যালি শেষে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়